১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নির্ঘুম সুরবাকেনকে ব্রাজিল কোচের উপহার

ব্রাজিলকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে ওঠার আনন্দে ঘুমই হয়নি নরওয়ে কোচ স্তলে সুরবাকেনের।

নির্ঘুম সুরবাকেনকে ব্রাজিল কোচের উপহার
ম্যাচের আগে কার্লো আনচেলত্তির সঙ্গে স্তলে সুরবাকেন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2026, 09:33 AM

Updated : 11 Sep 2026, 03:36 PM

কারো ঘুম হয় না দুঃশ্চিন্তায়, কারো আনন্দের আতিশয্যে। নরওয়ে কোচ স্তলে সুরবাকেনের ঘুম না হওয়ার কারণ দ্বিতীয়টি। ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোয়ার্টার-ফাইনালে ওঠার আনন্দে ঠিকঠাক ঘুমোতেই পারেননি তিনি!

সুরবাকেনের এই আনন্দ আরও বাড়িয়ে দিয়েছেন, ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। হারের হতাশা থাকলেও প্রতিপক্ষ কোচকে উপহার পাঠিয়েছিলেন ব্রাজিল কোচ।

অথচ, ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ গোলে জেতা ম্যাচের আগে সুরবাকেনের একটি মন্তব্য ছিল আলোচনায়। শেষ বত্রিশের লড়াইয়ে আইভরি কোস্টের বিপক্ষে জয়ের পর নরওয়ে কোচ বলেছিলেন, ‘কার্লো আনচেলত্তি, আমরা তোমার জন্য আসছি!”

এই মন্তব্য ঘিরে ক্ষুব্ধ হয়েছিলেন ব্রাজিলিয়ান সমর্থকেরা। সুরবাকেনের দাবি, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছিল। তবে, ওই ভিডিও ক্লিপ নিয়ে আনচেলত্তির যে কোনো ক্ষোভ ছিল না, তা প্রকাশ পায় ম্যাচ শেষে। নরওয়ে কোচও যারপরনাই মুগ্ধ।

“আমি বলতে পারি, ম্যাচের পরে তিনি অসাধারণ মহত্বের পরিচয় দিয়েছেন। তিনি আমার নাম লেখা একটা ব্রাজিলিয়ান জার্সি ও শুভেচ্ছা বার্তা দিয়ে একজন প্রতিনিধি পাঠিয়েছিলেন। এটা অনেক বড় ব্যাপার।”

আর্লিং হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে হারানো নরওয়ের সামনে এবারের প্রতিপক্ষ ইংল্যান্ড। মায়ামিতে মুখোমুখি হবে দুই দল। এ মুহূর্তে অবশ্য ইতিহাস গড়ার উপযাপনটুকু করতে চাইছেন হলান্ড-নিলাদরা। নিজের ঘুম ঠিকঠাক না হলেও, দলকে আনন্দ করার অনুমতি দিয়েছিলেন সুরবাকেন। তবে, সে উদযাপনে ইচ্ছেমতো যা খুশি, তাই করার অনুমতি দেননি ৫৮ বছর বয়সী কোচ।

“নিজেদের মতো উদযাপন করার জন্য সহকর্মীদের ছেড়ে দিয়েছিলাম। আমি ভীষণ ক্লান্ত ছিলাম। তাই বিছানায় চলে গিয়েছিলাম এবং ম্যাচটা আবারও দেখছিলাম। এরপর ফোনে একটু স্ক্রল করলাম, কিছু বার্তার উত্তর দিই এবং খুবই কম ঘুম হয়েছিল, কিন্তু সকালটা ভালো ছিল।

“এই বিষয়ে (উদযাপন) ছেলেরা নিজেদের মতো করেই সিদ্ধান্ত নেয়, তবে সেখানে স্বাধীনতার সাথে দায়িত্ববোধও থাকে। সবসময় এটি একইরকম থাকে; ছেলেরা সবকিছু ভালোভাবে সামাল দেয়।”