৮ পয়েন্টে এগিয়ে গিয়েও লিভারপুল কোচের কণ্ঠে আক্ষেপ
অ্যাস্টন ভিলার মাঠে অসংখ্য সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত জিততে না পারায় হতাশ আর্না স্লট।
আর্সেনালের সঙ্গে ব্যবধান আরও বড় করার সুযোগ পেয়েছিল লিভারপুল। সেই লক্ষ্যে অ্যাস্টন ভিলার বিপক্ষে আক্রমণাত্মক ফুটবলও উপহার দেয় তারা। কিন্তু অসংখ্য সুযোগ নষ্টের মিছিলে শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। ম্যাচ শেষে তাই আক্ষেপের শেষ নেই কোচ আর্না স্লটের।
ইংলিশ প্রিমিয়ার লিগে বুধবারের ম্যাচটি ২-২ ড্র হয়। মোহামেদ সালাহ লিভারপুলকে এগিয়ে নেওয়ার পর অ্যাস্টন ভিলাকে সমতায় ফেরান ইউরি টিয়েলেমান্স। পরে ওলি ওয়াটকিন্সের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে স্বাগতিকরা।
গোল শোধে মরিয়া লিভারপুল শিবিরে দ্বিতীয়ার্ধে স্বস্তি এনে দেন ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড। এর আগে পরে বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে তারা। বিশেষ করে বদলি নামা দারউইন নুনেসের সুবর্ণ সুযোগ হাতছাড়া করা নিয়ে চলছে তুমুল আলোচনা।
বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে আধিপত্য ছিল লিভারপুলের। গোলের উদ্দেশ্যে তারা ১৭টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে কেবল তিনটি। যেখানে ৯ শটের চারটি লক্ষ্যে রাখতে পারে অ্যাস্টন ভিলা।
ম্যাচটি জিতে আর্সেনালের সঙ্গে ব্যবধান ১০ পয়েন্টে বাড়িয়ে নেওয়ার সুযোগ ছিল লিভারপুলের। সেটা করতে না পারায় আক্ষেপ ঝরল স্লটের কণ্ঠে।
“সত্যি কথা বলতে, অতটা খুশি নই। আমার মনে হয়, ম্যাচের দিকে ফিরে তাকালে দেখা যাবে, আমরা তাদের চেয়ে অনেক বেশি সুযোগ তৈরি করেছি। এখানে ম্যাচটি জিততে যা যা করা দরকার ছিল, আমরা তা করেছি।”
ম্যাচের শেষ দিকে উল্টো লিভারপুলের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল অ্যাস্টন ভিলা। সেই মুহূর্তের কথাও তুলে ধরেন স্লট।
“শেষ মিনিটে ম্যাচটি ভিলা জিততেও পারত। তবে আমাদের তৈরি করা সুযোগগুলোর দিকে তাকালে ২-২ সমতায় ম্যাচটি শেষ হওয়ায় আমি খুশি নই। এখানে এসে খেলা কঠিন, কারণ তাদের ভালো একটি দল আছে এবং সমর্থকদের দারুণ সমর্থন পায় তারা। তবে আমি মনে করি, আমরা খুব, খুব, খুব ভালো একটা ম্যাচ খেলার কাছাকাছি ছিলাম।”
এখানে হোঁচট খেলেও লিগ টেবিলে অবস্থান অবশ্য সংহতই আছে লিভারপুলের, ২৫ ম্যাচে তাদের পয়েন্ট ৬১। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
