রক্ষণে ব্যর্থতার কারণ খুঁজে পেয়েছেন ফ্লিক
এর মধ্যে আছে প্রতিপক্ষের দীর্ঘদেহী খেলোয়াড়, এমনকি প্রাহার ঠাণ্ডাও!
হুট করে রক্ষণে ভুগতে শুরু করেছে বার্সেলোনা। তবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের জন্য ভালো খবর, সমস্যার কারণ ধরতে পেরেছেন কোচ হান্সি ফ্লিক। এর মধ্যে আছে খেলোয়াড়দের মনোযোগে ঘাটতি, ফিটনেস, প্রতিপক্ষ দলে দীর্ঘদেহী খেলোয়াড়ের উপস্থিতি, এমনকি ঠাণ্ডাও।
টানা চার ম্যাচে জাল অক্ষত রাখার পর সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচে ছয় গোল হজম করে বার্সেলোনা। এর মধ্যে আছে স্লাভিয়া প্রাহার বিপক্ষে সেট পিস থেকে হজম করা দুটি গোলও। রোববার লা লিগায় রেয়াল ওবিইদোর মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। এর আগের দিন রক্ষণে ভোগান্তির কথা স্বীকার করলেন কোচ ফ্লিক।
“আমরা কিছু ভুল করেছি, যে কারণে গোল হজম করতে হয়েছে। হতে পারে আমাদের আরও মনোযোগী থাকতে হবে, পুরো ৯০ মিনিটের জন্য… আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা এটা নিয়ে কথা বলেছি এবং আমাদের কাজ করতে হবে।”
“(সেট পিস নিয়ে) আমরা খুব একটা অনুশীলনের সুযোগ পাইনি, তবে আমরা এটা নিয়ে কথা বলেছি। প্রাহায় বিষয়টা অন্যরকম ছিল। আমি কোনো অজুহাত দিতে চাই না, তবে সেখানে খুব ঠাণ্ডা ছিল এবং ওদের অনেক লম্বা খেলোয়াড় ছিল… বার্সেলোনায় আমাদের সাধারণত দীর্ঘদেহী খেলোয়াড় থাকে না, তবে আমরা সবসময়ই সামলাতে সক্ষম হই।”
২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে আছে বার্সেলোনা। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে রেয়াল মাদ্রিদ।
