‘এক গোলের জন্য আমার পাঁচ-ছয়টা আর রিয়ালের দুই-তিনটা সুযোগ লাগে’
ক্লাসিকোয় হারের পর ফিনিশিংয়ের ঘাটতি নিয়ে এভাবেই অকপট হলেন বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস।
শুরুর গোলে এগিয়ে যাওয়ার পর ব্যবধান বাড়ানোর সুযোগগুলো নষ্ট হলো। অন্য দিকে রেয়াল মাদ্রিদ সুযোগগুলো কাজে লাগাল দারুণভাবে। মর্যাদার ক্লাসিকোয় চিরপ্রতিদ্বন্দ্বী রেয়ালের কাছে হারের পর বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেসের কণ্ঠেও ফুটে উঠল ফিনিশিংয়ের ব্যর্থতা।
লা লিগায় শনিবার রেয়ালের বিপক্ষে ২-১ গোলে হারে বার্সেলোনা। ষষ্ঠ মিনিটে ইলকাই গিনদোয়ানের গোলে এগিয়ে যায় কাতালুনিয়ার দলটি। ৬৮তম মিনিটে রেয়ালকে সমতায় ফেরানোর পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যাচের ভাগ্য গড়ে দেন দুর্দান্ত ছন্দে থাকা জুড বেলিংহ্যাম।
বার্সেলোনার দুটি প্রচেষ্টা পোস্টে লেগে প্রতিহত না হলে ম্যাচের গল্প ভিন্নরকম হতে পারত। ডিএজেডএন’কে শাভি জানালেন, তার দলের ফিনিশিংয়ের কমতির দিকটি। তবে এই হার প্রাপ্য ছিল না বলেও মনে করেন বার্সেলোনা কোচ।
“আমি মনে করি শুরুর ৬০ মিনিট আমরা আধিপত্য করেছি, কিন্তু যখন আপনি স্কোরলাইন ২-০ করতে পারবেন না, তখন এগুলোই হয়। একটা গোল করার জন্য আমাদের পাঁচ থেকে ছয়টা সুযোগ লাগে, সেখানে দুই গোল করার জন্য মাদ্রিদের দুই বা তিনটা সুযোগের প্রয়োজন হয়।”
“এমনকি আমি মনে করি, ড্রটাও আমাদের জন্য যথেষ্ট ফল হত না, যেখানে এই ফল পেলে রেয়াল বরং খুশি হত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা ক্রস এলো (এবং তা থেকে গোল হলো)। ভালো পারফরম্যান্স করে খুবই বাজে ফল পেলাম আমরা।”
রেয়ালের জার্সিতে মাঠে নামলেই গোলের দেখা পাচ্ছেন বেলিংহ্যাম। স্পেনের সফলতম দলটির হয়ে লা লিগায় ১০ ম্যাচে ১০টি এবং সব মিলিয়ে ১৩ ম্যাচে তার গোল ১৩টি। এই মিডফিল্ডারের পারফরম্যান্সে ‘বিস্মিত’ খোদ রেয়াল কোচ কার্লো আনচেলত্তি। রেয়ালের জয়ের নায়ক বেলিংহ্যামের প্রশংসায় পঞ্চমুখ হলেন শাভিও।
“আমি মনে করি, সে দুর্দান্ত একজন খেলোয়াড় এবং সে ফর্মের তুঙ্গে রয়েছে। কেননা, আজ সে ফিরতি সুযোগ পেয়ে গোল করেছে।”
