হলান্ডের হ্যাটট্রিকে সিটির দারুণ জয়
প্রিমিয়ার লিগের শিরোপা ধরে রাখার অভিযানে টানা দ্বিতীয় জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।
শুরুতে আচমকা গোল হজমের পর একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চেপে ধরল ম্যানচেস্টার সিটি। দুর্দান্ত পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে আরেকটি হ্যাটট্রিক উপহার দিলেন আর্লিং হলান্ড। ইপ্সউইচ টাউনকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় পেল পেপ গুয়ার্দিওলার দল।
ইতিহাদ স্টেডিয়ামে শনিবার লিগের ম্যাচটি ৪-১ গোলে জিতেছে শিরোপাধারীরা।
স্যামি স্মডিক্সের গোলে পিছিয়ে পড়ার পর চার মিনিটের মধ্যে হলান্ডের দুটি ও কেভিন ডে ব্রুইনের একটি গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধের শেষ দিকে হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড।
টানা পঞ্চম লিগ শিরোপা জয়ের লক্ষ্যে আসরে প্রথম দুই ম্যাচে জিতল সিটি। প্রথম ম্যাচে চেলসিকে ২-০ গোলে হারিয়েছিল তারা।
২২ বছর পর প্রিমিয়ার লিগে ফেরা ইপ্সউইচ হারল প্রথম ম্যাচেই। লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরে আসর শুরু করে তারা।
শুরুর গোলটি ছাড়া ম্যাচে আর তেমন কিছুই করতে পারেনি ইপ্সউইচ। গোলের জন্য আর শটই নিতে পারেনি তারা। অন্যদিকে, ৭৬ শতাংশ সময় বল দখলে রেখে ১৪টি শট নিয়ে ৫টি লক্ষ্যে রাখে সিটি।
দারুণ এক পাল্টা আক্রমণে সপ্তম মিনিটে এগিয়ে যায় ইপ্সউইচ। যদিও বক্সের বাইরে থেকে ওয়ান-অন-ওয়ানে স্যামি স্মডিক্সের শটে জোর ছিল না তেমন। বল গোলরক্ষক এদেরসনের পায়ে লেগে গড়িয়ে জালে জড়ায়।
ওই ধাক্কা সামলে ১২ থেকে ১৬- এই চার মিনিটের মধ্যে তিন গোল করে চালকের আসনে বসে সিটি।
প্রথমে পেনাল্টি থেকে সমতা টানেন হলান্ড। সিটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড সাভিনিয়ো বক্সে ফাউলের শিকার হলে মনিটরে দেখে পেনাল্টি দেন রেফারি।
প্রিমিয়ার লিগে ২৩ দলের মুখোমুখি হয়ে সবার বিপক্ষেই জালের দেখা পেলেন হলান্ড।
চতুর্দশ মিনিটে গোলরক্ষকের ভুলে দ্বিতীয় গোল হজম করে ইপ্সউইচ। সতীর্থের ব্যাকপাস পেয়ে ক্লিয়ার করতে অনেক দেরি করে ফেলেন গোলরক্ষক মারিক, তার কাছ থেকে বল কেড়ে নেন সাভিনিয়ো। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে ফাঁকা জালে বল পাঠান ডে ব্রুইনে।
সেই রেশ থাকতেই দারুণ নৈপুণ্যে নিজের দ্বিতীয় গোলটি করেন হলান্ড। মাঝমাঠ থেকে উঁচু করে বল বাড়ান ডে ব্রুইনে, গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসায় হেড করে বল তার পাশ দিয়ে বাম দিকে নিয়ে দুরূহ কোণ থেকে হাফ ভলিতে জালে পাঠান নরওয়ের তারকা।
ম্যাচের আধা ঘন্টা না যেতে আরও দুটি গোল পেতে পারত সিটি। কিন্তু পরপর দুই মিনিটে রিকো লুইস ও ডে ব্রুইনের প্রচেষ্টা ক্রসবারে লাগে। প্রথমার্ধের বাকি সময়ে হলান্ডের দুটি প্রচেষ্টা অল্পের জন্য লক্ষ্যে থাকেনি।
৬৩তম মিনিটে হলান্ড হ্যাটট্রিক পেয়েই যাচ্ছিলেন প্রায়। কাছ থেকে তার হেড লাফিয়ে এক হাতে ক্রসবারের ওপর দিয়ে পাঠান সফরকারী গোলরক্ষক।
৭১তম মিনিটে জেরেমি ডোকু ও সাভিনিয়োকে তুলে ইলকাই গিন্দোয়ান ও জ্যাক গ্রিলিশকে মাঠে নামান সিটি কোচ গুয়ার্দিওলা। বার্সেলোনায় এক বছর কাটিয়ে শুক্রবার সিটিতে ফেরেন জার্মান মিডফিল্ডার গিন্দোয়ান। দাঁড়িয়ে তাকে অভিবাদন জানায় সিটির সমর্থকরা।
নির্ধারিত সময়ের দুই মিনিট বাকি থাকতে আরেকটি চমৎকার গোলে কাঙ্ক্ষিত হ্যাটট্রিক পূর্ণ করেন হলান্ড। বক্সের বাইরে থেকে জোরাল নিচু শটে কাছের পোস্ট দিয়ে গোলটি করেন গোল-মেশিনে পরিণত হওয়া ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।
সিটির জার্সিতে হলান্ডের এটি দশম হ্যাটট্রিক। যার সাতটি হলো প্রিমিয়ার লিগে।
চলতি আসরে দুই ম্যাচে তার গোল হলো ৪টি।
এই গোলের পরই তুলে নেওয়া হয় হলান্ডকে। দর্শকদের করতালিতে নায়কের বেশে মাঠ ছাড়েন তিনি।
