২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেয়াল মাদ্রিদের সাবেক ডিফেন্ডার এখন মেসির সতীর্থ

অবসরে যাওয়া জর্দি আলবার সম্ভাব্য বদলি হিসেবে ইন্টার মায়ামিতে নেওয়া হয়েছে এই লেফট-ব্যাককে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2025, 01:13 PM

Updated : 26 Aug 2026, 05:20 PM

লিওনেল মেসি যখন বার্সেলোনার জার্সিতে দাপিয়ে বেড়াচ্ছে মাঠ, সের্হিও রেগিলন তখন তার চিরপ্রতিদ্বন্দ্বী রেয়াল মাদ্রিদের উঠতি ডিফেন্ডার। সময়ের পরিক্রমায় এখন তারা সতীর্থ। দুজন একই জার্সিতে মাঠে নামবে আগামী মৌসুমে। টটেনহ্যাম হটস্পারে পাঁচ বছরে থিতু হতে না পারার পর ইন্টার মায়ামিতে নাম লেখালেন রেগিলন। 

এমএলএস কাপের চ্যাম্পিয়ন দলটির সঙ্গে রেগিলনের চুক্তি ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত। সুযোগ আছে পরে তা আরও এক বছর বাড়ানোর।

এই মৌসুম শেষেই অবসরে যাওয়া জর্দি আলবার সম্ভাব্য বদলি হিসেবে ২৯ বছর বয়সী লেফট ব্যাককে নিয়েছে ইন্টার মায়ামি। 

মেসির যোগ দেওয়ার পর তিন মৌসুমে তিনটি ট্রফি জয় করা দলের হয়ে সম্ভাব্য সব ট্রফি জিততে চান রেগিলন।

“এটা অনেক উচ্চাভিলাসী প্রকল্প। জয়ী মানসিকতার একটি ক্লাব অনেক কিছুই করছে সঠিক পথে এবং সেটিই আমাকে আকর্ষণ করেছে, এখানে এসে জিততে ও লড়াই চালিয়ে যেতে চাই।”

“আমার লক্ষ্য জয়ের ধারায় থাকা, যে ট্রফিগুলো আমাদের এখনও নেই, সেগুলো নিয়ে আসা এবং সবকিছু জয় করা।”

মাদ্রিদের সন্তান রেগিলন ৯ বছর বয়সে পা রাখেন রেয়াল মাদ্রিদের একাডেমিতে। ২০১৫ সালে কাস্তিয়ার (রেয়াল মাদ্রিদ ‘বি’ দল) হয়ে তার অভিষেক ২০১৫ সালে। এখানেই খেলেছেন ২০১৮ পর্যন্ত। ওই মৌসুমেই অভিষেক রেয়ালের মূল দলে।

পরে ধারে সেভিয়ায় খেলেছেন কিছুদিন। ২০২০ সালে রেয়াল থেকে পাড়ি জমান টটেনহ্যাম হটস্পারে। এখানেও সেভাবে থিতু হতে পারেননি। ধারে খেলেছেন আতলেতিকো মাদ্রিদে, ম্যানচেস্টার ইউনাইটেডে ও ব্রেন্টফোর্ডে। গত ৩১ মে টটেনহ্যাম জানায়, চুক্তি শেষে এবার ক্লাব ছাড়বেন রেগিলন। সাড়ে ছয় মাস পর অবশেষে নতুন ঠিকানা পেলেন তিনি।