Published : 10 Jun 2026, 05:01 PM
আনুষ্ঠানিকভাবে বেনফিকা ছাড়ার ঘোষণা দিয়েছেন জোসে মরিনিয়ো। রেয়াল মাদ্রিদের দায়িত্ব নিতে যাচ্ছেন অভিজ্ঞ এই পর্তুগিজ কোচ।
৬৩ বছর বয়সী মরিনিয়ো বুধবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে বেনফিকাকে বিদায় জানান।
“বেনফিকার হয়ে কাজ করার সুযোগ দেওয়ার জন্য (ক্লাব) প্রেসিডেন্ট রুই কস্তাকে ধন্যবাদ জানাই। এই ক্লাবের প্রতিনিধিত্ব করা ছিল সম্মান ও সৌভাগ্যের বিষয়। বেনফিকার সকল পেশাদারদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাই, যাদের পেশাদারিত্ব, নিবেদন ও দক্ষতা ছিল অনুকরণীয়।”
“যেসব খেলোয়াড়ের সঙ্গে আমার কাজ করার সুযোগ হয়েছিল, তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনের উন্নতির জন্য শুভকামনা রইল।”
আগের রাতে বেনফিকাও বিবৃতি দিয়ে মরিনিয়োর বিদায়ের কথা জানায়। মার্কো সিলভা ক্লাবটির নতুন কোচ হতে রাজি হয়েছেন বলেও জানানো হয়।
বেনফিকা জানায়, মরিনিয়োকে বের্নাবেউয়ে ফিরিয়ে আনতে ক্ষতিপূরণ হিসেবে তাদের দেড় কোটি ইউরো দেবে রেয়াল মাদ্রিদ।
বিবৃতিতে বলা হয়, “কোচ (মরিনিয়ো) এতে সম্মতি দিয়েছেন।”
এর মধ্য দিয়ে বেনফিকার কোচ হিসেবে মরিনিয়োর দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি ঘটল। গত সেপ্টেম্বরে দলটির দায়িত্ব নেন তিনি। তার কোচিংয়ে ২০২৫-২৬ মৌসুমে পর্তুগিজ লিগে অপরাজিত থেকে তৃতীয় হয় দলটি।
২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত রেয়ালের কোচ ছিলেন মরিনিয়ো। ওই মেয়াদে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জয় করেন তিনি।
গত রোববার রেয়ালের সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়া ফ্লোরেন্তিনো পেরেস আগেই ঘোষণা করেছিলেন, দলের কোচ হিসেবে মরিনিয়োকে ফিরিয়ে আনবেন তিনি। ইতোমধ্যে দলটির দায়িত্ব ছেড়ে দিয়েছে আলভারো আরবেলোয়া।
স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর, বুধবারই কোনো এক সময় আনুষ্ঠানিকভাবে মরিনিয়োকে কোচ ঘোষণা করতে পারে রেয়াল। বৃহস্পতিবার হতে পারে তার পরিচিতি পর্ব।