Published : 27 Aug 2026, 08:51 PM
হুলিয়ান আলভারেসকে দলে পেতে মরিয়া বার্সেলোনা, বিপরীতে তাকে ধরে রাখতে চায় আতলেতিকো মাদ্রিদ- আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে এই দুই দলের মধ্যে বেশ কিছুদিন ধরে চলা এই ‘টানাটানি’ এবার বুঝি শেষ হলো। মাদ্রিদের ক্লাবটির বোর্ড পরিচালকরা সর্বসম্মতভাবে সিদ্ধান্তে পৌঁছেছে যে, বিশ্বকাপজয়ী ফরোয়ার্ডকে কিছুতেই বার্সেলোনার কাছে বিক্রি করা হবে না।
চলমান গুঞ্জনের মাঝে একদিন আগেই বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা বেশ জোর দিয়ে বলেছিলেন, তারা আলভারেসকে দলে টানতে আগ্রহী। আতলেতিকোর সবশেষ সিদ্ধান্তে লা লিগা চ্যাম্পিয়নদের পরিকল্পনা বলা যায় ভেস্তে গেল।
মাঝের এসব খবরে আতলেতিকোর সমর্থকদেরও রোষানলে পড়েন আলভারেস। অবশ্য এই উত্তপ্ত পরিস্থিতির উৎস তারই এক কথা থেকে।
আর্জেন্টিনাকে ২০২২ বিশ্বকাপ জিততে এবং গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপের ফাইনালে উঠতে সাহায্য করা আলভারেস এবারের আসর চলার মাঝে বলেন, তিনি তার ‘স্বপ্ন পূরণ করতে’ সম্ভাব্য দলবদল নিয়ে ক্লাবের সঙ্গে কথা বলেছেন। সেই থেকেই মুলত ক্লাবের সমর্থকদের সঙ্গে তার সম্পর্কে চিড় ধরে।
ঘরের মাঠে গত রোববার লা লিগায় ভিয়ারেয়ালের বিপক্ষে ২-২ ড্র ম্যাচের আগে ওয়ার্ম আপের সময় আলভারেসকে দুয়ো দেওয়া হয়। বদলি খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণার সময়ও তাকে বিদ্রূপ শুনতে হয়। ৬৬তম মিনিটে মাঠে নামার পর আরও জোরাল হয় দুয়োধ্বনি। এই বিরূপ পরিস্থিতির প্রভাবও পড়ে তার ওপর; তাকে সেদিন খুবই বিধ্বস্ত দেখাচ্ছিল।
তবে আগামীতে পরিস্থিতি যত জটিলই হোক না কেন, কোনোভাবেই আলভারেসকে বার্সেলোনার কাছে বিক্রি করতে চায় না আতলেতিকো। বৃহস্পতিবার দেওয়া বিবৃতিতে সেটা পরিষ্কার করেছে তারা।
“কোনো খেলোয়াড়ের জন্য পেশাদারিত্ব, নৈতিকতা ও সম্মানের সহিত প্রস্তাব দেওয়া হলে, আতলেতিকো মাদ্রিদ তা বিবেচনা করতে প্রস্তুত।
“(কোনো খেলোয়াড়ের জন্য অন্য ক্লাবের) যোগাযোগের ব্যাপারে ক্লাবের এই অবস্থানে আমরা অনড় এবং বার্সেলোনা এসব শর্ত পূরণে ব্যর্থ হয়েছে, তাই তাদের সঙ্গে কোনো আলোচনা হবে না এবং আলভারেসকে বার্সেলোনার কাছে বিক্রির বিষয়টি বিবেচ্যই হবে না।”
এর আগে ক্লাবের সঙ্গে যোগাযোগ না করেই বার্সেলোনা সরাসরি আলভারেসের সঙ্গে যোগাযোগ করায় প্রকাশ্যেই ক্ষোভ প্রকাশ করা হয়েছিল আতলেতিকোর পক্ষ থেকে। এমনকি তারা লা লিগার দ্বিতীয় সর্বোচ্চ শিরোপাজয়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিল।
আতলেতিকো তাদের বিবৃতিতে আরও উল্লেখ করেছে যে, “উদ্ভূত পরিস্থিতিতে মূল বিষয়টা আর্থিক নয়, বরং সম্মানের।”
চলতি দলবদলের আর এক সপ্তাহও বাকি নেই। এমন সময় আতলেতিকোর কর্মকর্তাদের এই সিদ্ধান্তে হয়তো ক্লাবটিতে আলভারেসের জন্য সামনের পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠবে।
এতকিছুর পরও লাপোর্তা অবশ্য আলভারেসকে পাওয়ার আশা ছাড়ছেন না। ২৬ বছর বয়সী এই খেলোয়াড়ের জন্য তাদের আগ্রহ ও প্রস্তাব আগের মতোই থাকবে বলে জানিয়েছেন তিনি।
বার্সেলোনা প্রধান আরও বলেছেন, আলভারেসকে দলে আনার জন্য তারা সঠিক প্রক্রিয়া অনুসরণ করেই প্রস্তাব দিয়েছে।
এদিকে স্প্যানিশ গণমাধ্যমে নতুন গুঞ্জন ছড়িয়েছে যে, আলভারেস এখন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালে যোগ দিতে পারেন।
২০২৪ সালে ম্যানচেস্টার সিটি থেকে আতলেতিকোয় যোগ দিয়ে দলটির হয়ে ১০৭ ম্যাচ খেলে ৪৯টি গোল ও ১৭টি অ্যাসিস্ট করেছেন আলভারেস।
আতলেতিকোর বিবৃতিতে এমন আশাবাদও জানানো হয়েছে যে, সাম্প্রতিক সময়ের সব ‘জটিলতা ও তিক্ততা’ ভুলে আলভারেস আবারও ক্লাবের প্রতি পূর্ণ আনুগত্য দেখাবেন।
“আতলেতিকো মাদ্রিদ বিশ্বাস করে, আমাদের খেলোয়াড়রা (ক্লাবের) এই সিদ্ধান্তের কারণ বুঝতে পারবে এবং ক্লাবের লক্ষ্য পূরণে সাহায্য করতে মনোযোগী থাকবে, গত দুই মৌসুমে ঠিক যেভাবে সে দলের জন্য কাজ করেছে।”