ব্রাজিলের জার্সিতে ‘সবচেয়ে বড়’ লক্ষ্যের কথা জানালেন ভিনিসিউস
রেয়াল মাদ্রিদের হয়ে তিনটি লা লিগা ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপায় অবদান রাখা তারকা জাতীয় দলে বেশির ভাগ সময়ই ছিলেন ম্রিয়মাণ।
ভিনিসিউস জুনিয়রের আলাদা দুটি সত্বা নিয়ে আলোচনা অনেক দিনের। রেয়াল মাদ্রিদের সাদায় তিনি যতটা উজ্জ্বল, ব্রাজিলের হলুদে ততটাই বিবর্ণ। সেই দ্বিমুখী দুটি প্রবাহকে এবার একই স্রোতে মেলাতে চান তিনি। রেয়াল মাদ্রিদের এই তারকা বলছেন, ক্লাবের পারফরম্যান্সকে জাতীয় দলে বয়ে আনাই এখন তার সবচেয়ে বড় লক্ষ্য।
সেই লক্ষ্য পূরণের হাতছানি তার সামনেই আছে। বিশ্বকাপের তো বাকি নেই আর বেশি দিন। ভিনিসিউস ছন্দেও ফিরেছেন সময়মতোই।
চলতি মৌসুমের শুরুটায় তিনি ছিলেন একদমই নিষ্প্রভ। টানা ১৬ ম্যাচে গোল পাননি রেয়াল মাদ্রিদের হয়ে। ঘরের মাঠে দর্শকদের দুয়ো শুনতে হয়েছে। তখনকার কোচ শাভি আলোন্সোর সঙ্গে তার টানাপোড়েন আলোচনার খোরাক জুগিয়েছে। তবে গত কিছুদিনে বদলে গেছে চিত্র। নিজেকে ফিরে পেয়েছেন তিনি দারুণভাবে। রেয়ালের হয়ে এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭ গোল করেছেন, সহায়তা করেছেন আরও ১৩ গোলে।
আপাতত ক্লাবের অভিযানে বিরতি। দেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় তিনি। বিশ্বকাপের জন্য গুছিয়ে উঠতে ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলবে ব্রাজিল।
রেয়ালের হয়ে তিনটি লা লিগা, দুটি চ্যাম্পিয়ন্স লিগসহ ১৪টি ট্রফিজয়ী তারকা ব্রাজিলের জার্সিতে জিততে পারেননি কিছুই। দেশের হয়ে ৪৫ ম্যাচ খেলে গোল করেছেন মোটে ৮টি।
এখন তিনি পেছনে ফেলতে চান সেই হতাশার অধ্যায়কে। তার জন্য বড় প্রেরণা এখন কোচ কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদে যার কোচিংয়ে তিনি দুর্দান্ত পারফর্ম করেছেন, তাকে এখন জাতীয় দলের কোচ হিসেবে পেয়েছেন। আগের চেয়ে অনেক বেশি স্বস্তিতে আছেন জানিয়ে ভিনিসিউস বললেন, এই মানসিক প্রশান্তির পথ ধরেই পারফরম্যান্স মেলে ধরতে চান।
“আমি এখন আরও স্বচ্ছন্দ ও আগের চেয়ে বেশি খুশি। যখন আমি এতটা খুশি থাকি, তখন আমার চারপাশের সবাইও সুখী ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।”
“আশা করি, রিয়ালের হয়ে যা কিছু করে থাকি, তা ব্রাজিল জাতীয় দলের হয়েও চালিয়ে যেতে পারব। এটাই আমার সবচেয়ে বড় লক্ষ্য। এখানে থাকার স্বপ্নই সবসময় দেখেছি এবং আমাদের দেশের জন্য অনেক গর্ব ও পুরো জাতির জন্য অনেক আনন্দ বয়ে আনতে চাই আমি।”
তাকে নিয়ে অবশ্য সংশয়, সমালোচনার অভাব নেই। তবে বাইরের সব আলোচনাকে দূরে সরিয়ে দেশের হয়ে ভালো কিছু উপহার দিতে চান ২৫ বছর বয়সী উইঙ্গার।
“নিজের সামর্থ্য আমার জানা আছে এবং জানি যে, বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে কতটা পরিশ্রম করেছি।”
টানপোড়েনের সময়টা কাটিয়ে রেয়ালেও এখন তিনি আগের সেই স্বাচ্ছন্দ্য ফিরে পেয়েছেন মাঠের ভেতরে ও বাইরে। এই ক্লাবেই থেকে যেতে চান আরও অনেক দিন।
“শুধু রেয়াল মাদ্রিদ এবং সেখানে দীর্ঘ সময় থাকার কথাই ভাবি আমি। নিজের আমার সেরা সময় কাটাচ্ছি। রেয়াল মাদ্রিদে যা কিছু করি, আশা করি জাতীয় দলের হয়েও তা করতে পারব।”
