২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোর সঙ্গে দ্বৈরথকে মেসি বললেন ‘সুন্দর লড়াই’

‘আমাদের জন্য ও যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য সুন্দর সময় ছিল’, বললেন আর্জেন্টাইন মহাতারকা।

রোনালদোর সঙ্গে দ্বৈরথকে মেসি বললেন ‘সুন্দর লড়াই’
রোনালদো ও মেসি এখন আলাদা মহাদেশের ক্লাবে খেললেও দুজনকে নিয়ে শ্রেষ্ঠত্বের বিতর্ক থেমে নেই। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2025, 08:17 PM

Updated : 26 Aug 2026, 12:44 PM

দুই মহাতারকা ক্রিস্তিয়ানো রোনালদো ও লিওনেল মেসির দ্বৈরথ অনেকের চোখে ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা প্রতিদ্বন্দ্বিতা। সমসাময়িক এই দুই কিংবদন্তির দ্বৈরথ ফুটবল ইতিহাসেই অন্য মাত্রা যোগ করেছে। এখন মাঠে এই দুজনের বিচরণ ফুটবল দুনিয়ার দুই প্রান্তে। পেছনে ফিরে তাকিয়ে মেসি বললেন, তাদের নিজেদের ও ফুটবলপ্রেমীদের জন্য খুব সুন্দর সময় ছিল এটা।

মেসি বার্সেলোনা ও রোনালদো রেয়াল মাদ্রিদে থাকতে তাদের দ্বৈরথ দুজনকেই পৌঁছে দেয় নতুন উচ্চতায়। ২০০৯ সালে রোনালদো রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই মূলত শুরু হয় দুজনের পরস্পরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা। সান্তিয়াগো বের্নাবেউয়ে নয় বছরের ক্যারিয়ারে ইতি টেনে ২০১৮ জুলাইয়ে রোনালদো ইউভেন্তুসে যোগ দেওয়ার পর থেমে যায় স্প্যানিশ ফুটবলে তাদের দ্বৈরথ। তবে বার্সেলোনা ও রেয়ালের মুখোমুখি লড়াই ‘ক্লাসিকোয়’ দুজনের দ্বৈরথ এখনও ফুটবলপ্রেমীদের রোমাঞ্চিত করে তোলে।

এই দুই কিংবদন্তি মিলে জিতেছেন ১৩টি ব্যালন দ’র। রেকর্ড আটটি মেসি, রোনালদো পাঁচটি। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত টানা চারবার বর্ষসেরার পুরস্কারটি জিতেছিলেন আর্জেন্টাইন জাদুকর মেসি। ২০১৩ থেকে ২০১৭ পর্যন্ত পাঁচ বছরের মধ্যে চারটি জিতেছিলেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। রেয়াল ও বার্সেলোনার হয়ে দুজনে গড়েছেন অসংখ্য রেকর্ড।

সময়ের পালাবদলে তারা এখন অন্য ক্লাবে। সৌদি আরবের ক্লাব আল নাস্‌রের হয়ে খেলছেন রোনালদো। মেসি খেলছেন যুক্তরাষ্ট্রের দল ইন্টার মায়ামিতে।

রোববার ব্যালন দ’রের সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে বিশ্বকাপ জয়ী মেসি বলেন, রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা তাদের দুজনকেই এগিয়ে দিয়েছে।

“এটা সবসময়ই একটা লড়াই ছিল। খেলার দিক থেকে খুবই সুন্দর। আমরা একে অপরকে আরও ভালো হতে অনুপ্রাণিত করেছি, কারণ আমরা দুজনই খুব প্রতিদ্বন্দ্বিতামূলক। সে সবসময় সবকিছু জিততে চেয়েছিল, আমিও তাই চেয়েছি। আমাদের জন্য এবং যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য সুন্দর সময় ছিল এটা।”

“এত দীর্ঘ সময় ধরে আমরা যা অর্জন করেছি, তা অনেক মূল্যবান। কারণ, লোকে যেমন বলে, শীর্ষে পৌঁছানো সহজ, কিন্তু কঠিন অংশটি হলো সেখানে টিকে থাকা।"

২০০৩ সালের পর গত বছরই কেবল প্রথমবার ব্যালন দ’রের সংক্ষিপ্ত তালিকায় দুই মহাতারকার কেউই ছিলেন না।