২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ নয়, শাভির বার্সায় থেকে যাওয়ার নেপথ্যে ‘অসমাপ্ত কাজ’

আগের সিদ্ধান্ত থেকে সরে এসে বার্সেলোনায় থেকে যাওয়ার কারণ জানালেন কোচ শাভি এর্নান্দেস।

অর্থ নয়, শাভির বার্সায় থেকে যাওয়ার নেপথ্যে ‘অসমাপ্ত কাজ’

শাভি এর্নান্দেস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 10:04 PM

Updated : 25 Apr 2024, 10:21 PM

হুট করে বার্সেলোনার দায়িত্ব ছাড়ার ঘোষণা দেওয়ার পর থেকে তিন মাসে খেলোয়াড়দের পারফরম্যান্স ও মনোবলের ব্যাপক উন্নতি দেখেছেন শাভি এর্নান্দেস। এতে বদল এসেছে তার নিজের মনোভাবেও। বার্সেলোনা কোচ বলছেন, অর্থের জন্য নয়, অসমাপ্ত কাজ শেষ করতেই কোচের পদে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

চলতি মৌসুম শেষে দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসে চুক্তির আরেকটি মৌসুমও বার্সেলোনায় থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাভি। বুধবার গোটা দিনই বার্সেলোনার কর্তৃপক্ষের সঙ্গে সভা ও আলোচনা করে কাটে তার। রাতে আসে আনুষ্ঠানিক ঘোষণা।

ক্লাবের সভাপতি হুয়ান লাপোর্তা ও ক্রীড়া পরিচালক দেকোর পাশে বসে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সিদ্ধান্ত বদলের কারণ ব্যাখ্যা করেন শাভি।

“সিদ্ধান্তটা সহজ ছিল না। জানুয়ারিতে আমি ভেবেছিলাম, ক্লাবের জন্য সঠিক ছিল (তখনকার সিদ্ধান্ত)। কিন্তু পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং এখন আমি মনে করি, ধারাবাহিকতাই সবচেয়ে ভালো বিষয়।”

"আমি মনে করি, কাজ শেষ হয়নি। তিন মাস আগে থেকে এখন পর্যন্ত সবকিছু বদলে গেছে। কোনোকিছুর সংশোধন করা বুদ্ধিমানের কাজ, আমরা এখানে সংশোধন করতে এসেছি। এখানে অহং বা অর্থের ব্যাপার ছিল না, এটা ক্লাবের কল্যাণের এবং আমরা যা করছি তাতে আস্থার বিষয়।”

শোনা যাচ্ছিল যে, চুক্তির রিলিজ ক্লজের অর্থ চেয়েছেন শাভি। তবে সেই গুজব উড়িয়ে ক্লাবটির সাবেক এই মিডফিল্ডার বললেন, পদত্যাগ করার জন্য ‘একটি ইউরোও চাইবেন না’ তিনি। ক্লাব সভাপতি লাপোর্তাও নিশ্চিত করলেন, কোনো শর্ত দেননি শাভি।

“শাভি ঠিক বলেছে। এখানে অর্থের প্রশ্ন নেই, খেলাধুলা ও প্রাতিষ্ঠানিক বিষয়। বার্সেলোনা সমর্থকদের জানা উচিত, অর্থের লোভ শাভির কখনই ছিল না, তিনি সবসময় ক্লাবকে নিয়ে ভেবেছেন এবং কখনই কোনো ধরনের শর্ত দেননি।”

১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনার হয়ে ৭৬৭ ম্যাচ খেলা শাভি আটটি লা লিগা ও চারটি চ্যাম্পিয়ন্স লিগসহ জেতেন ২৫টি ট্রফি। পরে কোচের দায়িত্বেও গত মৌসুমে দলকে এনে দেন লিগ শিরোপা। কিন্তু এই মৌসুমে দলের পারফরম্যান্স ভালো না হওয়ায় তার ওপর চাপ বাড়ছিল। পরে গত জানুয়ারিতে তিনি আচমকাই জানিয়ে দেন, মৌসুম শেষে দায়িত্ব ছেড়ে দেবেন।

তখন শাভি বলেছিলেন, ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ‘মুক্তির আনন্দ’ পাচ্ছেন। বলেছিলেন, তার সিদ্ধান্ত ‘দলের ভালোর জন্য’ এবং খেলোয়াড়রা এগিয়ে যাওয়ার জন্য ‘মুক্ত হবে।’ এতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি।

তার বিদায়ের ঘোষণা দেওয়ার পর নাটকীয়ভাবে বার্সেলোনার পারফরম্যান্সে উন্নতি হতে থাকে। সব প্রতিযোগিতা মিলিয়ে পরের ১৩ ম্যাচে অপরাজিত থাকে কাতালান দলটি। তখন শাভি কয়েক দফায় বলেন, তার সিদ্ধান্তটিই দলকে উজ্জীবিত করেছে। তবে এটিও বারবার বলেন যে, কোনোভাবেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন না।

সবশেষ দুই ম্যাচে পরাজয়ের পর অবশ্য বার্সেলোনার ট্রফিহীন মৌসুম কাটানো অনেকটাই নিশ্চিত। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে পিএসজির বিপক্ষে ৪-১ ব্যবধানে হারের পর রেয়াল মাদ্রিদের কাছে ৩-২ গোলে হেরে লিগ শিরোপা ধরে রাখার ক্ষীণ সম্ভাবনাটুকুও প্রায় শেষ হয়ে গেছে তাদের।

লাপোর্তা অবশ্য জানিয়ে দিলেন, শাভির প্রতি কখনই আস্থা হারাননি তারা। ৪৪ বছর বয়সী শাভির সামনে সেই আস্থার প্রতিদান দেওয়ার সময়।