২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রুপে আছে আর্জেন্টিনা, তবে কাউকে ‘ভয় পায় না’ অস্ট্রিয়া

দলটির স্ট্রাইকার সাসা কালাইচিচের মতে, তাদের আগ্রাসী ফুটবল খেলার সামর্থ্য ভালোমতোই আছে।

গ্রুপে আছে আর্জেন্টিনা, তবে কাউকে ‘ভয় পায় না’ অস্ট্রিয়া
ছয় আসর পর বিশ্বকাপে খেলতে প্রস্তুত অস্ট্রিয়া। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2026, 09:00 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

আর্জেন্টিনার গ্রুপে পড়া অস্ট্রিয়ার পথটা মসৃণ নয় মোটেও। ‘জে’ গ্রুপের অপর দুই দল আলজেরিয়া ও জর্ডান। তবে, বিশ্বকাপে দীর্ঘ অনুপস্থিতির পর বাছাই পেরিয়ে উত্তর আমেরিকা আসরের টিকেট পাওয়া অস্ট্রিয়া সাফল্যের জন্যই মাঠে নামবে, জানিয়ে দিলেন দলটির স্ট্রাইকার সাসা কালাইচিচ।

২৮ বছর বয়সী এই স্ট্রাইকারের বিশ্বাস পোক্ত হওয়ার কারণ বর্তমান দলের প্রাণশক্তি, বাছাইয়ের অর্জন। দলের অন্দরে তিনি ঐক্যের এবং দলীয় সংহতির সুর শুনতে পাচ্ছেন। ফিফার সাথে আলাপচারিতায় কালাইচিচ বললেন, কোনো প্রতিপক্ষ দেখে তাদের কুকঁড়ে যাওয়ার কোনো কারণ নেই।

“আমি মনে করি না, কোনো প্রতিপক্ষকে আমাদের ভয় পাওয়া উচিত। বিশেষ করে, এই দল নিয়ে। আমাদের দলে কিছু অবিশ্বাস্য ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর মেধাবী খেলোয়াড় আছে; কিন্তু একতা, দলীয় চেতনা, দৃঢ়তা ও তাড়না আমাদের সবচেয়ে বড় শক্তি।”

অস্ট্রিয়ার স্ট্রাইকার সাসা কালাইচিচ। ছবি: ফিফা

অস্ট্রিয়ার স্ট্রাইকার সাসা কালাইচিচ

“অস্ট্রিয়া আগ্রাসী ঘরানার ফুটবল খেলে এবং সেটা খেলার মতো উপযুক্ত খেলোয়াড় আছে আমাদের। আপনি যখন তীব্রতা, নিবেদন নিয়ে খেলবেন, সেটা প্রতিপক্ষের জন্য পরিস্থিতি কঠিন করে তুলবে। আমরা আসলেই খেলোয়াড়, কোচ, স্টাফ ও সমর্থকদের নিয়ে খুব ঘনিষ্ট একটি দল- পুরো দেশটাই তাই।”

গত ছয় আসরে বাছাই পেরুতে পারেনি অস্ট্রিয়া। ব্যর্থতার সেই বেড়াজাল এবার ছিঁড়তে পারায় দল নিয়ে কালাইচিচের আত্মবিশ্বাস আরও বেশি।

“এটা স্রেফ এক ঐক্যবদ্ধ শক্তি এবং ছেলেরা অবিশ্বাস্য কাজ করেছে। তারা বাছাইয়ে গ্রুপ সেরা হয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, দীর্ঘদিন যা হয়নি। আপনি এখন সারা দেশের সেই উচ্ছ্বাস অনুভব করতে পারবেন এবং অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করতে পেরে প্রত্যেকেই অবিশ্বাস্যভাবে গর্বিত।”