২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সমর্থকদের দোষে কঠিন শাস্তি পেল ক্লাব

ক্লাবটিকে খেলতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামে এবং দিতে হবে জরিমানাও।

সমর্থকদের দোষে কঠিন শাস্তি পেল ক্লাব
এএসএফএআর রাবাত। ছবি: ইনস্টাগ্রাম।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2025, 08:14 PM

Updated : 26 Aug 2026, 05:24 PM

আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে দর্শকদের বাজে আচরণের কারণে শাস্তি পেয়েছে মরক্কোর ক্লাব এএসএফএআর রাবাত। বিশৃঙ্খল পরিবেশ তৈরি করায় ক্লাবটিকে এক লাখ ডলার জরিমানা করা হয়েছে।

এখানেই শেষ নয়, পরের দুটি হোম ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে ক্লাবটিকে। শাস্তি পাওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছে রাবাত।

গত মাসের শেষ দিকে আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে মিশরের ক্লাব আল আহলির মুখোমুখি হয় রাবাত। ১-১ সমতায় শেষ হওয়া ওই ম্যাচে মাঠে বিভিন্ন বস্তু ছুঁড়ে মারেন রাবাতের দর্শকরা। শুধু তাই নয়, ম্যাচ চলাকালে লেজারও ব্যবহার করে তারা।

লেজার ব্যবহারের জন্য ২০ হাজার ডলার, বোতল ছুড়ে মারা এবং খেলার মাঝে বলবয়দের মাঠে ঢুকে পড়ার জন্য ১৫ হাজার ডলার করে, আর নির্মান কাজে ব্যবহৃত ভারী ধাতব সরঞ্জাম নিক্ষেপের জন্য ৫০ হাজার ডলার জরিমানা করা হয়েছে মরক্কোর ক্লাবটিকে।

আগামী ৩০ জানুয়ারি আলজেরিয়ার ক্লাব জেএস কাবিলি ও ৩ ফেব্রুয়ারি তানজানিয়ার ইয়াং আফ্রিকান্সের বিপক্ষে ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে রাবাত।

একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে এখন শীর্ষে আছে আল আহলি। সমান ম্যাচ খেলে ১ পয়েন্ট নিয়ে তিনে রাবাত।