Published : 20 Jul 2026, 10:28 PM
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ও কোচ কেভিন কিগান আর নেই। ক্যান্সারে আক্রান্ত হয়ে ৭৫ বছর বয়সে মারা গেছেন তিনি।
তার পরিবারের পক্ষ থেকে সোমবার খবরটি নিশ্চিত করা হয়। সাত সপ্তাহ আগে কিগান নিজেই জানান, ক্যান্সারে ভুগছেন তিনি।
ইংলিশ ফুটবল ইতিহাসের সবচেয়ে প্রতিষ্ঠিত খেলোয়াড়দের একজন কিগান ক্লাব ক্যারিয়ারে সেরা সময় কাটিয়েছেন লিভারপুলে। দলটির হয়ে ছয় বছরে তিনটি লিগ ও একটি ইউরোপিয়ান কাপ, দুটি উয়েফা কাপসহ অনেক শিরোপাজয়ী এই ফরোয়ার্ড আরও খেলেছেন হামবুর্গ, সাউথ্যাম্পটন ও নিউক্যাসল ইউনাইটেডে।
হামবুর্গকে বুন্ডেসলিগার শিরোপা জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কিগান।
বর্ণাঢ্য ক্যারিয়ারে টানা দুবার (১৯৭৮, ১৯৭৯) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন দ’রও জিতেছেন কিগান। এখন পর্যন্ত এই পুরস্কার আর কেবল তিন জন ইংলিশ ফুটবলার জিতেছেন।
আন্তর্জাতিক ফুটবলে ৬৩ ম্যাচ খেলে ২১টি গোল করেন কিগান, ১৯৭২ থেকে ১৯৮২ সালের মধ্যে। পরে ইংল্যান্ড জাতীয় দলকে কোচিংও করান তিনি, ১৯৯৯ সালের ফেব্রুয়ারি থেকে ২০০০ সালের অক্টোবর পর্যন্ত।
গত জুনে কিগান জানান, তার ক্যান্সার চতুর্থ স্তরে। এর অর্থ, ক্যান্সারের জীবানু তখনই শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে।
কিগান পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, জীবনের শেষ সময় তিনি তার স্ত্রী ও কন্যাদের মাঝেই ছিলেন।
খেলোয়াড়ী জীবন শেষে নিউক্যাসল, ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটিতেও কোচের দায়িত্ব পালন করেন তিনি।
কিগানের মৃত্যুতে শোক জানিয়েছে নিউক্যাসল ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও ইংল্যান্ড ফুটবল।
কিগানের কোচিংয়ে খেলা গ্রেট ইংলিশ ফরোয়ার্ড অ্যালান শিয়েরার শ্রদ্ধা জানিয়ে সামাজিক মাধ্যমে লিখেছেন, “আমার নায়ক, আমার কোচ, আমার বন্ধু। আরামে ঘুমান বস।”