২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লা লিগার মৌসুম সেরা রাফিনিয়া

মৌসুমে সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলার নির্বাচিত হয়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল।

লা লিগার মৌসুম সেরা রাফিনিয়া
রাফিনিয়ার (বাঁয়ে) সঙ্গে উদযাপনে লামিনে ইয়ামাল। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2025, 09:17 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

মৌসুম জুড়ে ধারাবাহিকভাবে দারুণ পারফরম্যান্স করে এবং বার্সেলোনার তিন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন রাফিনিয়া। এবারের লা লিগার সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার। 

আর অবিশ্বাস্য সব পারফরম্যান্স উপহার দিয়ে আসরের সেরা অনূর্ধ্ব-২৩ ফুটবলারের পুরস্কার পেয়েছেন কাতালান ক্লাবটির তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল।

লা লিগা কর্তৃপক্ষ শুক্রবার বিভিন্ন ক্যাটাগরিতে মৌসুম সেরাদের নাম ঘোষণা করে।

মৌসুমের দ্বিতীয়ভাগে দুর্দান্ত পথচলায় লা লিগা শিরোপা পুনরুদ্ধার করে বার্সেলোনা। এছাড়া রেয়াল মাদ্রিদকে হারিয়ে কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ জেতে তারা। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে দ্বিতীয় লেগের রুদ্ধশ্বাস লড়াইয়ে হেরে যায় দলটি।

মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৭ ম্যাচ খেলে ৩৪ গোল করেন রাফিনিয়া। পাশাপাশি সতীর্থদের ২৫টি গোলে রাখেন অবদান।

২০২২ সালে লিডস ইউনাইটেড থেকে বার্সেলোনা যোগ দেন রাফিনিয়া। প্রথম দুই মৌসুমে এখানে তাকে ভুগতে হলেও, ২০২৪-২৫ মৌসুমে কোচ হান্সি ফ্লিকের কোচিংয়ে নিজেকে সেরারূপে মেলে ধরেন তিনি। সম্প্রতি ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।

আর ১৭ বছর বয়সী ইয়ামাল তো নিজেকে এরই মধ্যে তুলে নিয়েছেন নতুন উচ্চতায়। ধারাবাহিকভাবে দেখিয়েছেন পায়ের জাদু, মাঠে নামলেই প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছেন ভয়ঙ্কর। স্প্যানিশ এই ফরোয়ার্ড সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৫ ম্যাচ খেলে ১৮ গোল করেছেন, সতীর্থদের ২৫ গোলে রেখেছেন অবদান।

এবারের ব্যালন দ’র জয়ের সম্ভাবনায়ও তাকে এগিয়ে রাখছেন অনেকে।