মনোবিদের ক্লাসে আমিরুল-আশরাফুলরা
খেলোয়াড়দের মানসিক শক্তি বাড়াতে মনোবিদের সাথে সেশন আয়োজন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।
‘ট্রেইন ইওর মাইন্ড’-হকি ফেডারেশনের এই আয়োজনে আমিরুল-আশরাফুলরা মনোবিদের সাথে সময় কাটালেন। মানসিক শক্তি বাড়ানো, মাঠে করা ভুলগুলো ভুলে দ্রুত নিজেদের সেরাটা মেলে ধরার বিদ্যাও রপ্ত করলেন কিছুটা। মনোবিদের ক্লাসে কাটানো সময়টা ‘বেশ উপভোগ করেছেন’ খেলোয়াড়েরা।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শনিবার খেলোয়াড়দের শারীরিক-মানসিক দক্ষতা ও শক্তি বৃদ্ধি নিয়ে নানা পরামর্শ দেন ট্রেইনার ও ফ্রিল্যান্স কনসালটেন্ট আরিফ সিদ্দিকী এবং সহকারী ট্রেইনার ও ফ্রিল্যান্স কনসালটেন্ট মো: হানিফ। খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য ও মনস্তাত্ত্বিক দিকগুলো নিয়ে সেশন পরিচালনা করেন ক্লিনিক্যাল সাইকোলোজিস্ট জান্নাতুল ফেরদৌস।
মূলত মাঠের লড়াইয়ের সময় খেলোয়াড়দের মনোযোগ, আত্মবিশ্বাস, আবেগ নিয়ন্ত্রণ এবং জয়ী হওয়ার মানসিকতা তৈরির লক্ষ্যে এই ওয়ার্কশপ আয়োজন করেছে বাহফে। জাতীয় দলের ডিফেন্ডার ও পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল ইসলাম এই আয়োজনের অনেক উপকারিতা দেখছেন।
“এই সেশনগুলো আমার কাছে মনে হয় যে, শুধু হকি খেলোয়াড়দের জন্য নয়, মোটামুটি সব স্পোর্টসের জন্যই জরুরি। আর এটা আমরা খুবই উপভোগ করছি। কারণ, উনারা আজকে আমাদের যা শিখিয়েছেন বা যা বুঝিয়েছেন যে, একটা দলীয় খেলা কীভাবে খেলতে হয়, একজন নেতার কী কী গুণ থাকা দরকার, একটা দলের একজনকে নেতৃত্বে রেখে সামনে এগোলে দল কতটা ইতিবাচক ফল করতে পারে।
“এছাড়া আরও কিছু অভিজ্ঞতা তারা আমাদের সাথে শেয়ার করেছেন; যেগুলো হচ্ছে মাঠের ভেতরে আমরা কীভাবে দ্রুত রিকভারি করতে পারব। অনেক সময়, আমরা খেলতে খেলতে অনেক ভুল করি, ওগুলো নিয়ে আমরা চিন্তা করতে থাকি মাঠের মধ্যেই, খেলার মধ্যেই। তো এগুলো চিন্তা করলে ভুলগুলো আরও বেশি হয়। তো আমাদের আজকের ক্লাসে এগুলোই শেখানো হয়েছে যে, ওই চিন্তাধারা থেকে কীভাবে বের হয়ে আসা যায়, কীভাবে খুব দ্রুত সময়ের মধ্যে বের হয়ে এসে আবার নিজের ভালো পারফরম্যান্স মেলে ধরা যায়।”
