১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পায়ের আঙুল ভেঙে ফেরার অপেক্ষা বাড়ল পালমারের

আরও এক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে চেলসির এই ইংলিশ ফরোয়ার্ডকে।

পায়ের আঙুল ভেঙে ফেরার অপেক্ষা বাড়ল পালমারের
কোল পালমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 07:55 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

কুঁচকির চোট কাটিয়ে মাঠে ফেরার খুব কাছে ছিলেন কোল পালমার। কিন্তু নতুন করে চোট পাওয়ায় আরও এক সপ্তাহ বাইরে থাকতে হবে চেলসির এই ইংলিশ ফরোয়ার্ডকে। 

গত বুধবার রাতে দুর্ঘটনাবশত দরজায় ধাক্কা খান পালমার। এতে তার বাঁ পায়ের আঙুলে চিড় ধরা পড়েছে। 

চেলসির পরের তিন ম্যাচে খেলতে পারবেন না ২৩ বছর বয়সী এই ফুটবলার; প্রিমিয়ার লিগে শনিবার বার্নলির বিপক্ষে, চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার বার্সেলোনার বিপক্ষে ও আগামী সপ্তাহান্তে লিগে আর্সেনালের বিপক্ষে খেলবে চেলসি।

পালমারের এভাবে চোট পাওয়াকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন চেলসি কোচ এন্টসো মারেস্কা।

“দুর্ভাগ্যবশত বাড়িতে তার একটি দুর্ঘটনা ঘটেছে, তার পায়ের আঙুলে আঘাত লেগেছে। এটা গুরুতর কিছু নয়, তবে সে আগামী সপ্তাহে আর ফিরবে না।”

“আমি রাতে অনেকবার ঘুম থেকে উঠি- আমার মাথায়, পায়ে, সবকিছুতে আঘাত পাই, তাই এমনটা হতেই পারে।”

পালমার সবশেষ মাঠে নেমেছিলেন গত ২০ সেপ্টেম্বর, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চেলসির ২-১ গোলে হারের ম্যাচে।

তারপর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ১১ ম্যাচ খেলে ৮টিতে জিতেছে এবং ২টিতে হেরেছে চেলসি। প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে তারা।