২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ওয়েম্বলির ফাইনালের জন্য মুখিছে আছি’

ফুলহ্যামকে পেছনে ফেলে লিগ কাপের ফাইনালে ওঠা লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ এখন চেলসির বিপক্ষে শিরোপা লড়াইয়ের ক্ষণ গুনছেন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2024, 05:11 PM

Updated : 25 Jan 2024, 05:11 PM

উজ্জীবিত ফুলহ্যামের বাধা টপকে লিভারপুলের সামনে এখন মৌসুমের প্রথম ট্রফির হাতছানি। লিগ কাপের ফাইনালে তাদের প্রতিপক্ষ চেলসি। লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ এখন ক্ষণ গুনছেন শিরোপা লড়াইয়ের ওই ম্যাচের জন্য।

লিগ কাপের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে বুধবার ফুলহ্যামের মাঠে শুরুতে এগিয়ে গিয়েও জিততে পারেনি লিভারপুল, ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। তবে প্রথম লেগে ২-১ গোলে জয়ের সুবাদে ৩-২ অগ্রগামিতায় ফাইনালে ওঠে প্রতিযোগিতার রেকর্ড ৯ বারের চ্যাম্পিয়নরা।

দুই লেগ মিলিয়ে ৬-২ ব্যবধানে মিডলসব্রাকে উড়িয়ে ফাইনালে উঠেছে চেলসি। আগামী ২৫ ফেব্রুয়ারি ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে সেরা হওয়ার লড়াইয়ে তাদের মুখোমুখি হবে লিভারপুল। ক্লপের মনে হচ্ছে, সেদিন স্টেডিয়ামে বসে যাবে দুই দলের রং নীল (চেলসি) ও লাল (লিভারপুল) স্রোত।

“(ফুলহ্যাম ম্যাচে) ড্রেসিংরুমের আবহ আপনাদের দেখা দরকার ছিল-ছেলেরা খুব খুব খুশি ছিল, বিশেষ করে তরুণরা। ফাইনালের ভেন্যু ওয়েম্বলি পূর্ণ থাকবে নীল ও লালে- দারুণ একটা ব্যাপার।”

প্রতিপক্ষের মাঠে ফিরতি দেখায় একাদশ মিনিটে লুইস দিয়াসের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। দ্বিতীয়ার্ধে ইসা দিওপের গোলে সমতায় ফিরে ম্যাচ জমিয়ে তোলে ফুলহ্যাম, কিন্তু পরে আর তারা পায়নি লিভারপুলকে আটকানোর পথ। দ্বিতীয়ার্ধে ফুলহ্যাম ঘুরে দাঁড়ানোয় মোটেও অবাক নন ক্লপ।

“আজ রাতে এখানে আসা এবং পরের ধাপে যেতে পারাটা বিশেষ কিছু। আপনি কখনই বিষয়গুলো নিশ্চিত ধরে নিতে পারেন না।”

“আধঘণ্টা পর আমাদের পা হড়কেছিল এবং ম্যাচটা তাতে উন্মুক্ত হয়ে পড়ে। ম্যাচটাকে আবার নিজেদের দিকে ফেরাতে হলো এবং এখন আমরা ওয়েম্বলির ফাইনালের দিকে তাকিয়ে আছি।”