২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'ভিন্ন বার্সেলোনা' নিয়ে স্বরূপে ফেরার প্রতিশ্রুতি ফ্লিকের

ওয়ান-অন-ওয়ান লড়াইয়ে বার্সেলোনার ফুটবলারদের আরও সক্রিয় দেখতে চান জার্মান এই কোচ।

'ভিন্ন বার্সেলোনা' নিয়ে স্বরূপে ফেরার প্রতিশ্রুতি ফ্লিকের
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 05:11 PM

হাই-ডিফেন্স লাইন কৌশলে প্রবল চাপ তৈরি এবং একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণকে কোণঠাসা করে গত মৌসুমে দারুণ সব সাফল্য পেয়েছে বার্সেলোনা। কিছু ম্যাচে অবশ্য ভুগতেও হয়েছে। চলতি মৌসুমে ব্যর্থতার অনুপাতটাও বেড়ে গেছে। তবে তাতে দলটির আত্মবিশ্বাসে চিড় ধরেনি এতটুকুও। সবশেষ চেলসির বিপক্ষে ধরাশায়ী হওয়ার পর দলটির কোচ হান্সি ফ্লিক খুব দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন। 

বিস্তারিত ব্যাখ্যা না করলেও, চ্যাম্পিয়ন্স লিগে চেলসির বিপক্ষে হারের পর এই জার্মান কোচ বললেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভিন্ন এক বার্সেলোনাকে দেখবে সবাই।

স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে ৩-০ গোলে হেরে গেছে লা লিগা চ্যাম্পিয়নরা। পাঁচ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে তালিকার ১৫তম স্থানে নেমে যাওয়ায় শেষ ষোলোতে সরাসরি উঠার পথও এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনার জন্য।

চ্যাম্পিয়ন্স লিগে তাদের পরের ম্যাচ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে, কাম্প নউয়ে। চেলসি ম্যাচের পর সংবাদ সম্মেলনে দ্রুতই ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিলেন ফ্লিক।

“সামনের ম্যাচগুলোতে আমরা এক ভিন্ন বার্সেলোনাকে দেখব, এই প্রতিশ্রুতিই আমি দিতে পারি। ম্যাচের আগেও অবশ্য এ কথাই বলেছিলাম। আমি শুধু দেখি আমরা কীভাবে অনুশীলন করছি, দলের মান ও তীব্রতা। ছয় সপ্তাহ আগের তুলনায় এখন এর সবকিছুই পুরোপুরি ভিন্ন।”

"(চোট কাটিয়ে) খেলোয়াড়রা ফিরছে, তাতে অনুশীলনের মানও বাড়ছে। আমার মধ্যে এখন বেশ ভালো অনুভূতি কাজ করছে…রাফিনিয়া দ্বিতীয়ার্ধে ফিরেছে, মার্কাস (র‍্যাশফোর্ড) ফ্লু থেকে সেরে ওঠার পরে ছন্দেই আছে, পেদ্রি-ও শিগগিরই ফিরবে। আমাদের কঠোর পরিশ্রম করতে হবে এবং ইতিবাচক থাকতে হবে।”

দলের কারো কারো মধ্যে আক্রমণাত্মক মনোভাবের ঘাটতি দেখছেন ফ্লিক, এতে কিছুটা হতাশ ফ্লিক।

“আমাদের আরও আগ্রাসী হতে হবে, বিশেষ করে ওয়ান-অন-ওয়ানে। চেলসিকে দেখুন, ওদের খেলার ধরনে সবসময় আগ্রাসন চোখে পড়বে, ওয়ান-অন-ওয়ান লড়াইয়ে দারুণ ক্ষীপ্র ও সক্রিয়। আমি আমার দলের কাছ থেকেও সেটাই চাই।”

ফ্লিকের মতে, তার দল শুরু করেছিল ভালো। কিন্তু ৪৪তম মিনিটে রোনালদ আরাউহো দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়ার পর তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়।

“আমরা ভালোভাবেই ম্যাচ শুরু করেছিলাম, গোল করার দারুণ একটা সুযোগও পেয়েছিলাম। কিন্তু (আরাউহো) লাল কার্ড পাওয়ার পর সবকিছুই বদলে গেল। ১০ জন নিয়ে এমন দুর্দান্ত দলের বিপক্ষে ফিরে আসা সহজ নয়। আমাদের এই হার মেনে নিতে হবে, তবে আমি পরের ম্যাচগুলোয় (ঘুরে দাঁড়ানোর ব্যাপারে) আশাবাদী।”

বার্সেলোনাকে হারিয়ে ৫ ম্যাচে ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগের পঞ্চম স্থানে উঠে এসেছে চেলসি।

ইউরোপ সেরার মঞ্চে ঘরের মাঠে আগামী ৯ ডিসেম্বর জার্মান ক্লাব ফ্রাঙ্কফুর্টের মুখোমুখি হবে বার্সেলোনা।