নিষেধাজ্ঞা এড়াতে পারবেন ভিনিসিউস, আশায় রেয়াল কোচ
দেপোর্তিভা মিনেরার বিপক্ষে কোপা দেল রের ম্যাচ খেলতে দলের সঙ্গে যাবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
ভিনিসিউস জুনিয়রের সরাসরি লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছে রেয়াল মাদ্রিদ। দলটির কোচ কার্লো আনচেলত্তি আশাবাদী, নিষেধাজ্ঞার শাস্তি এড়াতে পারবেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
কোপা দেল রের ম্যাচে সোমবার চতুর্থ স্তরের দল দেপোর্তিভা মিনেরার বিপক্ষে খেলবে রেয়াল। আনচেলত্তি জানিয়েছেন, দলের সঙ্গে সেদিন কার্তাজেনা যাবেন ভিনিসিউস।
লা লিগার ম্যাচে গত শুক্রবার ভালেন্সিয়া গোলরক্ষক স্তোলে দিমিত্রিয়েভস্কির মুখে আঘাত করায় লাল কার্ড দেখেন ভিনিসিউস। আনচেলত্তি আশাবাদী ন্যূনতম দুই ম্যাচ নিষিদ্ধের শাস্তি এড়াতে পারবেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড।
“এটা লাল কার্ডের (ফাউল) ছিল না, এটা ছিল হলুদ কার্ড। আর সে কারণে আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হব না।”
গায়ের কালো রঙয়ের জন্য স্পেনে বর্ণবাদী আচরণের শিকার নিয়মিতই হন ভিনিসিউস। রেয়ালের ইতালিয়ান কোচ মনে করেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে তীব্র মানসিক চাপ সইতে হয়।
“তার অবস্থানে থাকাটা খুব কঠিন। অপমানসহ আর যে সবের মধ্য দিয়ে সে যায়, তা সামলানো সহজ নয়। এটা সহজ কিছু নয়, সে উন্নতি করার চেষ্টা করছে। সে বিপর্যস্ত এবং ক্ষমা চেয়েছে। আমাদের সামনে তাকানো উচিত।”
“আমরা আশাবাদী, সে কোনো নিষেধাজ্ঞা পাবে না। কেবল দুই জন সামনের ম্যাচের জন্য যাবে না; গোলরক্ষক থিবো কোর্তোয়া ও ডিফেন্ডার অ্যান্টনিয়ো রুডিগার। বাকি সবাই এই সফরে যাবে।”
