২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘৪৫ মিনিটেই রদ্রি প্রমাণ করেছে এই পজিশনে সে সেরা’

গোলের অনেক সুযোগ হারিয়ে জয়রথ থেমে গেছে ম্যানচেস্টার সিটির, তবে ফেরার ম্যাচে রদ্রির পারফরম্যান্সে খুশি কোচ পেপ গুয়ার্দিওলা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2026, 01:46 PM

Updated : 26 Aug 2026, 05:29 PM

প্রত্যাশিত জয় ধরা দেয়নি। থেমে গেছে জয়রথ। আক্ষেপ আছে অনেক সুযোগ কাজে লাগাতে না পারায়। তবু শেষ পর্যন্ত প্রাপ্তিটুকুর তৃপ্তিই অনেক বেশি পেপ গুয়ার্দিওলার। ফেরার ম্যাচে রদ্রির পারফরম্যান্সে উচ্ছ্বসিত ম্যানচেস্টার সিটি কোচ।

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জিতে স্টেডিয়াম অব লাইটে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। লক্ষ্য ছিল সান্ডারল্যান্ডের দুর্গ জয়। কিন্তু পেরে ওঠেনি পেপ গুয়ার্দিওয়ালার দল। ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি বৃহস্পতিবার গোলশূন্য ড্র হয়েছে।

চলতি লিগে ঘরের মাঠে ১০ ম্যাচে এখনও হারেনি সান্ডারল্যান্ড।

তাদেরকে হারানোর মতো পারফরম্যান্স এই ম্যাচের প্রথমার্ধে দেখাতে পারেনি সিটি। দ্বিতীয়ার্ধে চোট পাওয়া নিকো গন্সালেসের বদলি হিসেবে মাঠে নামানো হয় রদ্রিকে। চোটের সঙ্গে লড়াই করে দীর্ঘ পুনর্বাসনের পর অবশেষে মাঠে ফিরলেন ২০২৪ সালের ব্যালন দ’র জয়ী স্প্যানিশ মিডফিল্ডার।

রদ্রি নামার পর সিটির খেলা গোছানো হয়ে ওঠে। আক্রমণের ধার বেড়ে যায়। গোল যদিও বের করতে পারেনি সিটি।

তবু মাঝমাঠের ভরসাকে ফিরে পেয়ে আশার আলো দেখছেন গুয়ার্দিওলা। 

“রদ্রি নেমে খেলাটা বদলে দিয়েছে। ৪৫ মিনিটেই রদ্রি প্রমাণ করেছে, তার এই পজিশনে সে সেরা। ফুটবল মানেই ফুটবলাররা... শুরুতে আক্রমণ গড়ে তুলতে ভুগছিলাম আমরা। রদ্রি নামার পর কম ভুগেছি।’

“সে নামার পর আমাদের বিচরণ ভালো হয়েছে, লাইনগুলো সে ভাঙতে পেরেছে। তাকে ছাড়া দেড় বছর ভুগছি আমরা, তার অভাব অনুভব করেছি। আশা করছি, সে ফিট থাকতে পারবে, কারণ সে থাকা মানেই আমাদের দল আরও ভালো হয়ে ওঠা।”

ম্যাচের ৬৭ শতাংশ সময় বল ছিল সিটির কাছে। তাদের ৯০ শতাংশ পাস ছিল সঠিক। কিন্তু আসল কাজটি কতে পারেনি। গোলে ১৪টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে তারা চারটি। কোনোটিই ছোঁয়া পায়নি জালের। 

সুযোগ হারানোর আক্ষেপ আছে গুয়ার্দিওলার। তবে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতেও ভুললেন না তিনি। জিততে না পারলেও দলের পারফরম্যান্সে তিনি গর্বিত।

“এখানে এসে খেলাটা এমনিতেই কঠিন। তার মধ্যে ছয় গজ বক্সে যে পরিমাণ সুযোগ আমরা হাতছাড়া করেছি…, কঠিন সুযোগও ছিল না, কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি।”

“যে আলোচনা আমরা করেছিলাম, প্রথমার্ধে সেভাবে খেলতে পারিনি। তবে সব মিলিয়ে দারুণ একটি দলের বিপক্ষে দুর্দান্ত ম্যাচ ছিল এটি। কঠিন একটি দলের বিপক্ষে দলের পারফরম্যান্সে আমি গর্বিত। জয়ের জন্য সম্ভব সবকিছুই আমরা করেছি। ছেলেরা একটু হতাশ, তবে মাথা উঁচুই রাখতে হবে। কারণ তিন দিন পর আরেকটি কঠিন লড়াই চেলসির বিপক্ষে।”

এই ড্রয়ের পর পয়েন্ট তালিকার দুইয়ে থাকা সিটির পয়েন্ট ১৯ ম্যাচে ৪১। সমান ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।