১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘৭ শিরোপা চুরি? পুরোপুরি মিথ্যা’, পেরেসকে পাল্টা জবাব বার্সেলোনার

আসল সত্য লুকানোর চেষ্টায় এবং ক্লাবের দুর্বল ব্যবস্থাপনাকে ঢাকার জন্য রেয়াল মাদ্রিদ সভাপতি এসব মন্তব্য করেছেন, অভিযোগ বার্সেলোনা সহ-সভাপতির।

‘৭ শিরোপা চুরি? পুরোপুরি মিথ্যা’, পেরেসকে পাল্টা জবাব বার্সেলোনার
ফ্লোরেন্তিনো পেরেস ও রাফা ইয়ুস্তে। ছবি: রয়টার্স ও বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 12:31 AM

Updated : 26 Aug 2026, 03:36 PM

ফ্লোরেন্তিনো পেরেসের ইটের জবাবে পাটকেল ছুড়তে খুব বেশি সময় নিলেন না রাফা ইয়ুস্তে। রেয়াল মাদ্রিদ সভাপতির অভিযোগকে ‘জঘন্য’ ও ‘মিথ্যাচারে পূর্ণ’ বলে মন্তব্য করলেন বার্সেলোনার সহ-সভাপতি। 

রেয়াল মাদ্রিদ প্রধান মঙ্গলবার সংবাদ সম্মেলনে ‘নেগ্রেইরা মামলা’ প্রসঙ্গ টেনে বার্সেলোনাকে আক্রমণ করেন এবং বলেন, তাদের কাছ থেকে সাতটি লা লিগা শিরোপা ‘চুরি করা হয়েছে।’

পেরেস আরও জানান, নেগ্রেইরা মামলা সংক্রান্ত বিষয়ে ৫০০ পৃষ্ঠার একটি নথি উয়েফার কাছে জমা দেওয়ার জন্য প্রস্তুত করছেন তারা, যেখানে দেখানো হবে ম্যাচ অফিসিয়ালরা কীভাবে বার্সেলোনাকে সুবিধা দিয়ে থাকেন।

ওই দিনই বার্সেলোনা বিবৃতি দিয়ে জানায়, তারা আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখছে।

পরদিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে ইয়ুস্তে পাল্টা অভিযোগ করে বললেন, রেয়াল মাদ্রিদের ক্রীড়া সংকট থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছেন পেরেস।

“ফ্লোরেন্তিনোর কথাগুলো আমার কাছে জঘন্য ও মিথ্যাচারে পূর্ণ মনে হয়েছে। ক্লাব আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনা করে গতকালই একটি বিবৃতি দিয়েছে। কিন্তু আমি বলতে চাই যে, দুই বছর ধরে চলে আসা (রেয়াল মাদ্রিদের) ক্রীড়া বিপর্যয় ঢাকার জন্য ফ্লোরেন্তিনো পেরেসের এই কৌশল কাজে আসবে না।”

বড় কোনো শিরোপা জেতা ছাড়া টানা দ্বিতীয় মৌসুম শেষ করতে যাচ্ছে রেয়াল। মূলত সেদিকেই ইঙ্গিত করেন ইয়ুস্তে। গত রোববার ক্লাসিকোয় রেয়ালকে ২-০ গোলে হারিয়ে, তিন রাউন্ড বাকি থাকতে টানা দ্বিতীয় লা লিগা শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। সেটিও তুলে ধরেন ইয়ুস্তে।

“নেগ্রেইরাকে নিয়ে আবার কথা বলার কোনো মানে হয় না, যখন কি না আমরা লা মাজিয়ার (বার্সেলোনার একাডেমি) খেলোয়াড় এবং অন্য জায়গা থেকে আসা খেলোয়াড়দের নিয়ে গড়া দল নিয়ে দুটি লিগ জিতেছি। আমরা ১৪ পয়েন্টের ব্যবধানে জিতেছি এবং এটা (পেরেসের বক্তব্য) সত্য লুকানোর চেষ্টা ও দুর্বল ব্যবস্থাপনাকে ন্যায্যতা দেওয়ার কৌশল মাত্র। বার্সার সমর্থকরা খুব খুশি এবং কোনো কিছুই আমাদের কাছ থেকে তা কেড়ে নিতে পারবে না।”

“সাতটি লিগ শিরোপা চুরি? এটা পুরোপুরি মিথ্যা। নিরপেক্ষভাবে বলতে গেলে, এটা সত্যি নয়। তিনি (পেরেস) জানেন, আমরা আত্মরক্ষা করব, সমর্থক ও ক্লাবের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে এবং কেউ এই ক্লাবকে স্পর্শ করতে পারবে না।”

১৯৯৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত স্পেনের রেফারিদের টেকনিক্যাল কমিটির ভাইস প্রেসিডেন্ট ছিলেন হোসে মারিয়া এনরিকেস নেগ্রেইরা। ২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে তার কোম্পানি ‘ডিএএসএনআইএল নাইন্টি ফাইভ’-কে বার্সেলোনা অর্থ প্রদান করে, যা সামনে আসার পর স্প্যানিশ ফুটবলে বইতে শুরু করে ঝড়।

বার্সেলোনার বিরুদ্ধে রেফারিদের ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়। শুধু তাই নয়, নেগ্রেইরার বিরুদ্ধেও মামলা করা হয়। যদিও আত্মপক্ষ সমর্থন করে নেগ্রেইরা বরাবরই বলেছেন, দায়িত্বে থাকাকালীন বার্সেলোনাকে কোনো সুবিধা তিনি দেননি। পরামর্শমূলক কাজের জন্য তাকে এই অর্থ প্রদান করেছিল ক্লাবটি।

বার্সেলোনাও শুরু থেকে যেকোনো ধরনের অন্যায় করার কথা অস্বীকার করে আসছে।

পেরেসের মন্তব্যের পর আইনি ব্যবস্থা নেওয়ার 'হুমকি' বার্সেলোনার