২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্সা অন্তপ্রাণ গার্সিয়ার চুক্তি নবায়নে খুশি ফ্লিক

জার্মান এই কোচ মনে করেন, ভবিষ‍্যতে বার্সেলোনার দারুণ অধিনায়ক হতে পারেন এরিক গার্সিয়া।

বার্সা অন্তপ্রাণ গার্সিয়ার চুক্তি নবায়নে খুশি ফ্লিক
স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়া। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2025, 09:35 PM

Updated : 26 Aug 2026, 05:15 PM

নিজের চেয়ে বার্সেলোনার স্বার্থকে সবসময় গুরুত্ব দেওয়া এরিক গার্সিয়ার চুক্তি নবায়নের খবরে ভীষণ খুশি কোচ হান্সি ফ্লিক। তিনি মনে করেন, ভবিষ‍্যতে কাতালান ক্লাবটির দারুণ অধিনায়ক হতে পারবেন গার্সিয়া। 

বার্সেলোনা শুক্রবার জানায়, ২৪ বছর বয়সী ডিফেন্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছে, যার মেয়াদ ২০৩১ পর্যন্ত। রেয়াল বেতিসের বিপক্ষে ম‍্যাচের আগের দিন শুক্রবার কোচের সংবাদ সম্মেলেন এলো ওই চুক্তির প্রসঙ্গ। সেখানে গার্সিয়ার উচ্ছ্বসিত প্রশংসা করলেন ফ্লিক।     

“সে দলে যে মাত্রা যোগ করে তা অবিশ্বাস্য। সে এমন একজন খেলোয়াড় যে ক্লাবকে জানে এবং ড্রেসিংরুমে সে খুব গুরুত্বপূর্ণ। আমি তার চুক্তি নবায়নে খুব খুশি কারণ সে এর যোগ্য। আমি নিশ্চিত, সে ভবিষ্যতে একজন দুর্দান্ত অধিনায়ক হতে পারে।”

সতীর্থদের পাশে দাঁড়ানো, ব্যক্তিগত স্বার্থের ওপরে দলকে রাখার মানসিকতার জন‍্য গার্সিয়াকে অনেকের চেয়ে আলাদা মনে করেন ফ্লিক। 

“যদি সে একজন নেতা হতে চায়, তাহলে পেশাদারিত্ব, কাজের নৈতিকতা ও শৃঙ্খলার উদাহরণ তাকে রাখতে হবে। সৌভাগ্যক্রমে, এই সব গুণ তার মধ্যে আছে। সে ড্রেসিংরুমে সত‍্যিকার অর্থেই আদর্শ এক চরিত্র।”

গার্সিয়ার দলমুখী মনোভাবেরও বিশেষ করে প্রশংসা করেন ফ্লিক। 

“দলের প্রয়োজন হলে সে কোথায় খেলছে, তা নিয়ে একটুও ভাবে না। এ কারণেই সে আমাদের এত কিছু দেয়। আমি ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই তার মধ্যে দারুণ সম্ভাবনা দেখেছি। গত মৌসুমে কিছু চোট-সমস্যা ছিল, কিন্তু সে সেগুলো জয় করেছে। প্রচুর ভুগেছে, কিন্তু লড়াই করেছে, খেলতে শুরু করেছে, কারণ এটা তার প্রাপ‍্য। অসাধারণ পেশাদার সে। এই (চুক্তি) নবায়ন পুরোপুরি তার প্রাপ্য- এটি তার জন্য যেমন সুখবর, তেমনি ক্লাবের জন্যও। কারণ এরিক আমাদের সঙ্গে আরও বহু বছর থাকবে।”