২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌসুম শেষ রদ্রির

এসিএল চোটে পড়া এই মিডফিল্ডারের অস্ত্রোপচার হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2024, 08:43 PM

Updated : 26 Aug 2026, 10:33 AM

শঙ্কাটাই সত্যি হলো। এসিএল চোটে মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেলেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রি।

প্রিমিয়ার লিগে গত রোববার আর্সেনালের বিপক্ষে ২-২ গোলের ড্র ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন রদ্রি। পরে জানা যায়, এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে তার। তখনই নিশ্চিত হয়ে যায়, অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে ২৮ বছর বয়সী স্প‍্যানিশ তারকাকে।

সিটির কোচ পেপ গুয়ার্দিওলা শুক্রবার সংবাদ সম্মেলনে জানান, এদিন সকালে অস্ত্রোপচার হয়েছে রদ্রির, বাকি মৌসুমে তাকে আর পাওয়া যাবে না।

গত মৌসুমে সিটির টানা চতুর্থ প্রিমিয়ার লিগ ও স্পেনের ২০২৪ ইউরো জয়ে বড় অবদান রাখেন রদ্রি। এই বছরের ব্যালন দ’র জয়ের জন্য ফেভারিটদের একজন মনে করা হচ্ছে তাকে।

বর্ধিত চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপের সঙ্গে ঠাসা সূচি নিয়ে গত কিছু দিন ধরে ফের উদ্বেগ প্রকাশ করা ফুটবলারদের একজন তিনি।

প্রিমিয়ার লিগে শনিবার নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। এই ম্যাচে আরেক মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনেকেও পাবেন না গুয়ার্দিওলা। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে চোট পান বেলজিয়ান তারকা।

৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে আছে সিটি। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল।