গোল উদযাপনে ‘বাইক দুর্ঘটনার ছবি আঁকবেন’ গর্ডন
নিজের বৈদ্যুতিক বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়ে খানিকটা আহত হন এই ইংলিশ ফরোয়ার্ড।
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের মাঝে বাইক দুর্ঘটনার কবলে পড়া অ্যান্থনি গর্ডন ভিন্নরকম পরিকল্পনা করেছেন। ওই দুর্ঘটনাকে গোল উদযাপনের মাধ্যমে ফুটিয়ে তুলতে চান এই ইংলিশ ফরোয়ার্ড।
গত মঙ্গলবার স্লোভেনিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র ম্যাচের ৮৯তম মিনিটে বদলি নেমে ইউরোয় অভিষেক হয় গর্ডনের। পরদিন সকালে দলের ক্যাম্পে তার বৈদ্যুতিক বাইক নিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। মারাত্মক কিছু না হলেও থুতনি, নাকে ও হাতে আঘাত পান ২৩ বছর বয়সী এই ফুটবলার।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এক সাংবাদিক মজা করে গর্ডনকে একটি হেলমেট ও বাচ্চাদের বাইসাইকেল উপহার দেয়। এরপর, সামনের ম্যাচে গোল করতে পারলে ওই দুর্ঘটনাকে উদযাপনে ফুটিয়ে তুলবেন কিনা, এমন এক প্রশ্নে সংবাদ সম্মেলনে গর্ডন বলেন, “আমি হয়তো মাঠের পাশে স্টেবিলাইজার রাখব এবং আপনারা (গণমাধ্যম) উদযাপনের জন্য কৃতিত্ব পাবেন। আমি এটা করব। আমি কথা দিচ্ছি।”
শেষ ষোলোয় রোববার স্লোভাকিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড।
