‘ব্রাজিল সমর্থকদের দেখাতে হবে, আমরা জিততে চাই’
হাইতির বিপক্ষে ম্যাচ সামনে রেখে দলটির অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো বললেন, সমর্থকদের প্রত্যাশা পূরণের স্বদিচ্ছাটা তাদের দেখাতে হবে।
প্রত্যাশার পারদ চড়িয়ে মাঠে এসে, মরক্কো ম্যাচ শেষে হতাশ হয়ে ফিরতে হয়েছিল ব্রাজিল সমর্থকদের। দলের কাছে জয় ছাড়া অন্য কিছুর যে প্রত্যাশা নেই তাদের। সেলেসাও সমর্থকদের মনোভাব খুব ভালো করে জানেন দানিলো। হাইতির বিপক্ষের ম্যাচ সামনে রেখে, এই অভিজ্ঞ ডিফেন্ডার সতীর্থদের মনে করিয়ে দিলেন, আসছে ম্যাচে তাদের কী করতে হবে।
মরক্কোর বিপক্ষে ১-১ ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করা ব্রাজিল গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলাডেলফিয়ায় মুখোমুখি হবে হাইতির। বাংলাদেশ সময় শনিবার সকাল সাড়ে ৬টায় শুরু হবে ম্যাচটি।
‘সি’ গ্রুপে হাইতির শুরুটাও ভালো হয়নি। স্কটল্যান্ডের বিপক্ষে ১-০ গোলে হেরে এসেছে তারা। তবে, শক্তি, ঐতিহ্যে পিছিয়ে থাকা দলটিকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না দানিলো। আধুনিক ফুটবলের ধরন বদলে যাওয়ায়, হাইতিকে নিয়েও সতর্ক ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার।
“প্রত্যাশা ও বাস্তবতা বলে দুটো বিষয় আছে। বাস্তবসম্মতভাবে এ ম্যাচটি খেলতে হবে আমাদের। বিশেষ করে, ফুটবল যেভাবে বদলে গেছে এবং বিকশিত হয়েছে, তাতে এমনটা বলা অসম্মানজনক হবে, হাইতিকে আমরা শোচনীয়ভাবে হারাব।”
“সমর্থকদের দেখাতে হবে যে, আমরা জিততে চাই। আমরা সেটা করতে পারি, পজেশন নিয়ন্ত্রণে রেখে, কার্যকরী পদক্ষেপগুলো নিয়ে এবং সবসময় জিততে চাওয়ার আকাঙ্ক্ষা দেখিয়ে।”
