ইয়ামালকে নিয়ে ডাচ গ্রেটের শঙ্কা
পেদ্রি ও গাভির উদাহরণ টেনে বার্সেলোনা ও স্পেনকে সাবধান করে দিলেন রুড খুলিত।
জাতীয় দল কী ক্লাব, সবখানেই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন লামিনে ইয়ামাল। এতে কোচের মূল ভরসা হয়ে উঠেছেন তিনি, যা তার অল্প বয়সের শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করছে। তাই তার ব্যাপারে বার্সেলোনা ও স্পেনকে সতর্ক থাকতে বললেন রুড খুলিত। নেদারল্যান্ডসের এই গ্রেটের শঙ্কা, কম বয়সে এত বেশি ম্যাচ খেলার নেতিবাচক প্রভাব পড়তে পারে ইয়ামালের ফিটনেসের ওপর।
মৌসুমের শুরুতে কুঁচকির চোট বেশ ভোগায় ইয়ামালকে। তখন কিছু ম্যাচে খেলতে পারেননি তিনি। ফেরার পরও কিছু ম্যাচে নিজের স্বাভাবিক ফুটবল খেলতে পারেননি ১৮ বছর বয়সী তারকা।
ধীরে ধীরে নিজেকে ফিরে পান ইয়ামাল এবং তাকে ঘিরেই এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ৪৪ ম্যাচ। লা লিগায় এখনও শিরোপাধারীদের বাকি সাত ম্যাচ।
স্প্যানিশ ক্রীড়া পত্রিকা এএসের সঙ্গে আলাপচারিতার সময় ইয়ামালকে নিয়ে নিজের শঙ্কার কথা বললেন খুলিত।
“একমাত্র ব্যাপার হলো, দল তার ওপর খুব নির্ভরশীল। সে খুবই তরুণ একজন খেলোয়াড়। আমি খুবই উদ্বিগ্ন, সবসময় খেলানোয় সে না চোট পেয়ে যায়।”
ইয়ামালের প্রসঙ্গে বলতে গিয়েই তার দুই ক্লাব সতীর্থ পেদ্রি ও গাভির কথা উল্লেখ করেন খুলিত। দুই তরুণ প্রতিভাবান মিডফিল্ডারকে ভোগাচ্ছে চোট।
“আপনারা পেদ্রি ও গাভির ক্ষেত্রে এমন কিছু হতে দেখেছেন। এরপর তাদের বিশ্বকাপে খেলতে হবে, তরুণদের নিয়ে যাবে এবং চোট ছোবল দেবে। চোট থেকে ফেরা কঠিন। তাই আশা করি, এটা ফের ঘটবে না। তবে মাঠে সে যা করে, খুব ভালো লাগে।”
