স্পোর্তিং ছেড়ে নটিংহ্যামে ডিওমান্ডে
এই ডিফেন্ডারকে পেতে প্রায় সাড়ে তিন কোটি পাউন্ড খরচ হয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটির।
পর্তুগিজ ক্লাব স্পোর্তিং থেকে আইভরি কোস্টের ডিফেন্ডার উসমান ডিওমান্ডেকে দলে নিয়েছে নটিংহ্যাম ফরেস্ট।
প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে চার বছরের চুক্তি করেছেন ২২ বছর বয়সী এই ফুটবলার। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ আছে।
দুই ক্লাবের পক্ষ থেকে ট্রান্সফার ফির বিষয়ে কিছু বলা হয়নি। গণমাধ্যমের খবর, ডিওমান্ডেকে পেতে তিন কোটি ৪০ লাখ পাউন্ড খরচ হয়েছে।
গত মাসে শেষ হওয়া এবারের বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করেন ডিওমান্ডে। অবশ্য শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়া আইভরি কোস্টের হয়ে একটি ম্যাচই খেলার সুযোগ পান তিনি।
জাতীয় দলের হয়ে মোট ১৫টি ম্যাচ খেলেছেন ডিওমান্ডে। আর লিসবনের ক্লাবটির হয়ে তিনি খেলেছেন ১৩২টি ম্যাচ।
