ভিএআরকে ‘ম্যান অব দা ম্যাচ’ ঘোষণা ক্ষুব্ধ মরিনিয়োর
ভিএআর আতিল্লা কারাওলানকে নিজেদের পরের ম্যাচে কোনো দায়িত্বে দেখতে চান না ফেনেরবাচে কোচ।
ত্রাবজোন্সপোরের বিপক্ষে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির (ভিএআর) সিদ্ধান্তগুলো একদমই পছন্দ হয়নি জোসে মরিনিয়োর। এনিয়ে ম্যাচ শেষে উষ্মা ঝরেছে ফেনেরবাচে কোচের কণ্ঠে। চেলসি, রেয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচের মতে, ম্যাচ সেরার পুরস্কার ভিএআরকে দেওয়া উচিত।
তুরস্কের ঘরোয়া প্রতিযোগিতা সুপার লিগের ম্যাচে রোববার ত্রাবজোন্সপোরের বিপক্ষে ৩-২ গোলে জেতে ফেনেরবাচে। দুটি গোলই পেনাল্টি থেকে করে প্রতিপক্ষ। সিদ্ধান্ত দুটি আসে ভিএআর আতিল্লা কারাওলানের মাধ্যমে।
ম্যাচের দ্বিতীয়ার্ধে ভিএআরের সৌজন্যে ৮ মিনিটের মধ্যে দুটি পেনাল্টি পায় ত্রাবজোন্সপোর। দুটিতেই গোল করে ২-২ সমতা ফেরায় তারা। কিন্তু ম্যাচের শেষ দিকে ডি-বক্সে ত্রাবজোন্সপোরের ব্রাইট-ওসায়ি স্যামুয়েলের করা একটি চ্যালেঞ্জে কোনো শাস্তি দেননি রেফারি।
ফেনেরবাচের পক্ষে সিদ্ধান্তটি না আসায় ভীষণ ক্ষুব্ধ হন মরিনিয়ো। পর্তুগিজ কোচ বলেন, ওই সময় বোধহয় কফি পান করছিলেন ভিএআর, তাই ঘটনাটি দেখেননি তিনি।
ওই পেনাল্টি না পেলেও শেষ পর্যন্ত যোগ করা সময়ে সোফিয়ান আমরাবাতের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফেনেরবাচে। ম্যাচ শেষে হাঁটুতে স্লাইড করে জয় উদযাপন করতে দেখা যায় মরিনিয়োকে। পরে তিনি ‘বিন স্পোর্টস তুরস্কের’ সঙ্গে আলাপকালে ভিএআর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
“মাঠে থাকা রেফারি ছিলেন বাচ্চা ছেলে। তবে (মূল) রেফারি ছিলেন আতিল্লা কারাওলান, তাই ম্যান অব দা ম্যাচ তিনি।”
“অদৃশ্য মানুষ থেকে তিনি ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষে পরিণত হয়েছেন।”
ফেনেরবাচের ম্যাচে আর তুরস্কের রেফারি কারাওয়ানকে দেখতে চান না মরিনিয়ো।
“ব্রাইটের লাল কার্ড পাওয়ার কথা না? কারাওলান কি করছিলেন, ওই সময় কফি পান করছিলেন, ওই খেলোয়াড়কে লাল কার্ড দেখানো প্রয়োজন মনে করেননি?”
“মাঠের রেফারি যখন পেনাল্টি দেননি, তখন তিনি (ত্রাবজোন্সপোর) দুটি পেনাল্টির সিদ্ধান্ত দেওয়ার বিষয়ে সতর্ক ছিলেন। এরপর তিনি টার্কিশ চা পান করছিলেন, আমাদের পক্ষে যখন পরিষ্কার পেনাল্টি ছিল এবং তা দেননি। মনে করি, আমি প্রত্যেক ফেনেরবাচে ভক্তের পক্ষ থেকে বলছি, আমরা তাকে আর চাই না।”
