ফুটবল ছাড়ার দুয়ার থেকে চূড়া স্পর্শের হাতছানি রাফিনিয়ার
বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের হাত ধরে যেন পুনর্জন্ম হয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের।
ফ্লোরিয়ানোপিলসে ছোট্ট একটা রুমে নিজের ১৮তম জন্মদিনে একা বসে একটু পরপর ফোনের দিকে তাকাচ্ছিলেন রাফিনিয়া, নাহ কোনো ম্যাসেজ, কল কিংবা অফার কিছুই নেই। ভাবনার অতলে ডুবে হাল ছেড়ে দেওয়ার দুয়ারে ছিলেন তিনি।
ব্রাজিলের পোর্তো আলেগ্রের এক বস্তিতে থাকা রাফিনিয়ার জন্য ফুটবল ছিল মুক্তির পথ। কিন্তু প্রথমবারের মতো সেদিন তার স্বপ্ন ভাঙতে বসেছিল। আপন মনে ভাবছিলেন, তার জন্য নয় এমন কিছুর পিছু ছুটছেন না তো?
সে সময় একজনের কথা পাল্টে দিল সব। রাফিনিয়ার সবচেয়ে আগ্রাসী ভক্ত, তার মা হাল না ছাড়ার কথা বললেন, “তুমি যদি এখানে থেমে যাও, জীবনের বাকিটা সময় তোমার এভাবেই কাটাতে হবে। এর জন্য কি তুমি প্রস্তুত?”
রাফিনিয়ার জীবনের বাঁক বদলের ক্ষণ হয়ে আছে সেটা। ফুটবল থেকে যিনি ছিলেন সরে যাওয়ার দুয়ারে, সেই রাফিনিয়া এখন বার্সেলোনার পুনর্জন্মে রাখছেন মূখ্য ভূমিকা। মেটাচ্ছেন প্রত্যাশা, করছেন একের পর এক গোল।
পোর্তো আলেগ্রে থেকে বার্সেলোনার ড্রেসিংরুমে রাফিনিয়ার যাত্রা শৃঙ্খলা, প্রাণোচ্ছলতা আর ধারাবাহিক আত্ম-উন্নয়নের গল্প। শীর্ষ পর্যায়ের পারফরমার হিসেবে তার রূপান্তর কেবল প্রতিভার জন্য নয়, তার মানসিকতা, ত্যাগ এবং সাফল্যের লক্ষ্যে অবিচল থাকারও ফল।
যদি বার্সেলোনা নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম আসরে শিরোপা জিততে পারে, সেটা ২৮ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জন্য ব্যক্তিগত এক জয়ও হবে। আথলেতিক বিলবাও থেকে নিকো উইলিয়ামসকে আনতে যাকে প্রায় ছেড়েই দিচ্ছিল বার্সেলোনা।
রাফিনিয়ার উঠে আসা
পোর্তো আলেগ্রের হেসচিঙ্গা এলাকার বস্তির খুপড়িতে থাকতেন রাফিনিয়ারা। দারিদ্র্যের সঙ্গে সেখানে লড়াই চলে নিরন্তর। সহিংসতা প্রতিদিনের দৃশ্য, কেউ কেউ জড়িয়ে পড়েন মাদক পাচারে। রাফিনিয়া একেবারে ছোট্ট বেলা থেকে জানতেন ফুটবল কেবল এসব থেকে মুক্তির একটা পথ নয়, একমাত্র পথ।
তিনি বলেছেন, কীভাবে তার প্রতিভাবান বন্ধুদের ভুল পথ বেছে নিতে দেখেছেন। সেই বন্ধুদের যা ছিল না, সেটা ছিল রাফিনিয়ার- পরিবারের সমর্থন। বিশেষ করে তার মা ও মামার। অর্থ সঙ্কটের পরও যারা তাকে ফুটবলে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ জুগিয়েছিলেন।
তার ফুটবল শিক্ষা ছিল টিকে থাকার জন্য। বয়সে বড়দের সঙ্গে খেলতেন খালি পায়ে। রাস্তার এই খেলা সহনশীল হতে শিখিয়েছে, বাড়িয়েছে চাপের মধ্যে ফুটবল খেলার দক্ষতা। এই দুটোই তার মূল বৈশিষ্ট্য।
ইন্তারনাসিওনাল ও গ্রেমিওর মতো ক্লাবগুলো শুরুতে উপেক্ষা করে রাফিনিয়াকে। ক্লাবগুলোর বিবেচনায় তিনি ছিলেন পেশাদার ফুটবলের জন্য ভীষণ শীর্ণ ও স্বল্প ওজনের একজন।
অনেকবার ঠেকে গেলেও এইসব প্রত্যাখ্যান তার লড়াকু মনোভাব ও মানুষকে ভুল প্রমাণে বিরামহীন চেষ্টায় জ্বালানি হিসেবে কাজ করে। শেষ পর্যন্ত আভাই তাকে একটা সুযোগ দেয়, ছোট্ট একটি ক্লাবের বয়সভিত্তিক ফুটবলের একটি দারুণ সেটআপ ছিল। সেখানেই তিনি খেলার শারীরিক দিকটা সামলানোর শিক্ষা পান।
আভাইয়ের অনূর্ধ্ব-২০ দলে খেলার সময় গুরুতর চোটে মাঠের বাইরে ছিটকে পড়েন রাফিনিয়া। এতে ফুটবলে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন জাগে। সে সময়েই এগিয়ে আসেন তার মা। মনে করিয়ে দেন, হাল ছেড়ে দিলে ভালো কাজ পাওয়া যাবে এমন কোনো নিশ্চয়তা নেই।
সেই মুহূর্ত থেকে শৃঙ্খলা ও ত্যাগ হয়ে ওঠে তার জন্য শর্তহীন। ফুটবলকে কেবল প্যাশন নয়, শ্রেয়তর জীবনের পথ হিসেবে দেখতে শুরু করেন তিনি।
ইউরোপে আসা
অনেক ব্রাজিলিয়ান ফুটবলারের ক্ষেত্রে যা ঘটে, সেটি হয়নি রাফিনিয়ার বেলায়। বেশিরভাগই ব্রাজিলের বড় ক্লাবে ভালো করে ইউরোপে আসেন। সেখানে রাফিনিয়ার নিজেকে প্রমাণ করতে হয়েছে ইউরোপের ছোট ক্লাবে।
পর্তুগালে তার যাত্রা শুরু ভিতোরিয়া গিমারাইসে। সেখান থেকে যান স্পোর্তিংয়ে। ডিফেন্ডারদের পরাস্ত এবং সুযোগ তৈরি করায় নিজের সামর্থ্য দেখান তিনি। পরে ফরাসি ক্লাব রেনেও দ্যুতি ছড়ান, প্রমাণ করেন তিনি হয়ে উঠতে পারেন ‘গেম চেঞ্জার।’
বড় ক্লাবগুলোর নজর পড়ে রাফিনিয়ার ওপর। তার সৌভাগ্য তিনি নজর কাড়েন সবচেয়ে কড়া কোচ মার্সেলো বিয়েলসার। তিনি ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে নিয়ে আসেন লিডস ইউনাইটেডে। সেখানে কঠোর ও ক্ষমাহীন কোচের তত্ত্বাবধানে দ্রুতগতিতে উন্নতি ঘটে রাফিনিয়ার।
এখানেই তার শারীরিক সহনশীলতার উন্নতি ঘটে। যেটা তার গতিময় ফুটবলকে টেকসই করে। বল ছাড়া খেলায় উন্নতি ঘটে, শেখেন বল পেয়েই আক্রমণে যাওয়ার কৌশল।
সে সময়ই তার ওপর চোখ পড়ে বার্সেলোনার। যারা পাঁচ বছরের চুক্তিতে তাকে কাম্প নউয়ে নিয়ে আসে। চুক্তির অঙ্ক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। গণমাধ্যমের খবরে বলা হয়, প্রাথমিকভাবে ৫ কোটি পাউন্ড খরচ হয়েছে, যেটা বেড়ে হতে পারে ৫ কোটি ৫০ লাখ পাউন্ড।
নতুন ক্লাবে কঠিন সময়
ইউরোপের অভিজাত ক্লাবের একটি বার্সেলোনায় শুরুতে বেশ ভোগান্তিতে পড়েন রাফিনিয়া।
শুরুর একাদশের নিশ্চিত একজনের চেয়ে তাকে স্কোয়াডের একজন হিসেবে দেখেন সে সময়ের কোচ শাভি এর্নান্দেস। এমনকি যখন রাফিনিয়া শুরুর একাদশে নিয়মিত হয়ে যান, তখনও খুব কমই পুরো ম্যাচে খেলার সুযোগ পেতেন।
আর্থিক কারণে কাউকে বিক্রি না করে নতুন খেলোয়াড় কেনায় নিষেধাজ্ঞা থাকায় রাফিনিয়া হয়ে ওঠেন খেলোয়াড়দের মধ্যে বার্সেলোনার সবচেয়ে বড় সম্পদ। ভাবা হতো সম্ভবত তাকেই সবার আগে বিক্রি করে দেওয়া হবে; বিশেষ করে গত গ্রীষ্মের যে সময়টায় বার্সেলোনা আথলেতিক বিলবাওয়ের নিকো উইলিয়ামসকে দলে আনার চেষ্টা করছিল।
দুই মৌসুমে সম্ভাব্য ৭৬ ম্যাচের মধ্যে রাফিনিয়া শুরুর একাদশে ছিলেন কেবল ৪২টিতে। ১১ ম্যাচে সুযোগ পান বদলি হিসেবে।
এই সময়টায় একাধিকবার দল ছাড়ার কথা ভেবেছিলেন রাফিনিয়া।
“কেবল একবার নয়, বেশ কয়েকবার এমন হয়েছিল, যখন দল ছাড়ার কথা ভেবেছিলাম।”
“সে সময় আত্ম-সংশয় ছিল। নিজের কড়া সমালোচনার একটা বাজে স্বভাব আছে আমার। তাই সেই চাপ আমাকে দল ছাড়ার কথা ভাবিয়েছিল।”
ফ্লিকের ভূমিকা
গত মে মাসে শাভির ছাঁটাই ও হান্সি ফ্লিকের কোচ হয়ে আসা সব কিছু পাল্টে দেয়।
জার্মান কোচ রাফিনিয়াকে বড় দায়িত্ব দেন এবং আত্মবিশ্বাস নিয়ে খেলার পথ করে দেন। সেই পথ ধরে রাফিনিয়া যেন এখন পুনর্জন্ম নেওয়া এক খেলোয়াড়।
কখন ড্রিবল করতে হবে, কখন পাস দিতে এসব নিয়ে রাফিনিয়ার সঙ্গে কাজ করেন ফ্লিক। বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব তুলে ধরেন। ফ্লিকের খেলার ধরন রাফিনিয়ার সঙ্গে বেশ মানানসইও।
এখন রাফিনিয়া বল হারান কম। গোলমুখে তিনি এখন আরও বেশি কার্যকর ও শান্ত। তার বর্তমান পরিসংখ্যান দুর্দান্ত।
মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচে করেছেন ২৪ গোল, অ্যাসিস্ট ১৮ গোলে। চ্যাম্পিয়ন্স লিগের চলমান আসরে খেলেছেন এমন সব ম্যাচেই পেয়েছেন জালের দেখা। বার্সেলোনার গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, ব্যালন দ’রের দাবিদারদের একজন হিসেবেও।
বার্সেলোনার চার অধিনায়কের একজন রাফিনিয়া। মার্ক-আন্ড্রে টের স্টেগেন, রোনাল্দ আরাউহো, ফ্রেংকি ডি ইয়ং বাইরে থাকলে নেতৃত্ব দেন তিনিই। ব্রাজিল জাতীয় দলের লিডারশিপ গ্রুপেরও অংশ তিনি।
বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের ম্যাচে শেষ মিনিটের জয়সূচক গোল চলতি মৌসুমে রাফিনিয়া ও বার্সেলোনার গুরুত্বপূর্ণ এক মুহূর্ত। তার উদযাপন, বৃষ্টির মধ্যে বার্সেলোনার বেঞ্চের সবার তার দিকে ছুটে যাওয়া, দলের ঐক্যের একটি প্রতীকি ছবি হয়ে উঠেছে। এটা ড্রেসিংরুমের নেতা হিসেবে তার অবস্থান পাকা করেছে।
রাফিনিয়া জানেন, আজ যেখানে তিনি আছেন, সেখানে আসার পথ কতটা কঠিন ছিল। তাই কোনো কিছু তিনি ভাগ্যের হাতে ছেড়ে দেন না। ফুটবলের বাইরের মনোযোগ নষ্টকারী ব্যাপারগুলো তিনি বরাবরই এড়িয়ে যান।
বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে বা অনুশীলনে মনোযোগী থাকতে পছন্দ করেন রাফিনিয়া। রাতে পার্টি করে বেড়ানোর অভ্যাস, আগ্রহ কোনোটাই তার নেই। শৃ্ঙ্খলাই শারীরিক ও মানসিক দিক থেকে তাকে চূড়ায় নিয়ে গেছে।
এখন সেই জায়গায় তিনি পৌঁছে গেছেন। এখান কোনো থামাথামি নেই। যদি বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগে আরও দূরে যায়, তাহলে হয়তো সবাই মানবেন, রাফনিয়া বিশ্বের সেরা ফুটবলারদের একজন।
