২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোনালদোকে টপকে যাবেন হলান্ড, বিশ্বাস গুয়ার্দিওলার

আগের রেকর্ড অনেকটা পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম ৫০ গোলের রেকর্ড গড়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2025, 01:37 PM

Updated : 26 Aug 2026, 02:19 PM

চূড়া ছুঁতে এখনও পাড়ি দিতে হবে অনেকটা পথ। তবে যে গতিতে ছুটছেন আর্লিং হলান্ড, সেই উচ্চতায় তিনি পা রাখবেন বলেই মনে করেন পেপ গুয়ার্দিওলা। ম্যানচেস্টার সিটির কোচ বলছেন, ক্রিস্তিয়ানো রোনালদোকে ছাড়িয়ে একদিন চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি গোল হবে হলান্ডের।

নাপোলির বিপক্ষে ম্যানচেস্টার সিটির ২-০ গোলের জয়ে বৃহস্পতিবার দারুণ এক কীর্তি গড়েছেন হলান্ড। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসে সবচেয়ে দ্রুততায় পঞ্চাশ গোলের মাইলফলক ছুঁয়েছেন তিনি আগের রেকর্ড চুরমার করে দিয়ে।

৬২ ম্যাচে ৫০ গোলের রেকর্ড ছিল রুড ফন নিস্টলরয়ের। হলান্ডের লাগল স্রেফ ৪৯ ম্যাচ! লিওনেল মেসির লেগেছিল ৬৬ ম্যাচ।

মেসি অবশ্য একটি জায়গায় এখনও সবচেয়ে এগিয়ে। সর্বকনিষ্ঠ হিসেবে (২৪ বছর ২৮৪ দিন) পঞ্চাশে পা রেখেছেন তিনি। কিলিয়ান এমবাপেকে টপকে হলান্ড এখন দ্বিতীয় সর্বকনিষ্ঠ।

গুয়ার্দিওলা আগেও নানা সময়ে বলেছেন, গোল করার দক্ষতার দিক থেকে হলান্ডকে তিনি রোনালদো-মেসিদের কাতারেই রাখেন। এই রেকর্ডের পর কোচের কণ্ঠে তা ফুটে উঠল আবার। 

“আমি আর কী বলতে পারি! পরিসংখ্যানই তার হয়ে কথা বলছে। তার মতো একজনকে পাওয়া আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। গোলের দিক থেকে সে রুড ফন নিস্টলরয়, রবের্ত লেভানদোভস্কি… বিশেষ করে দুই দানব ক্রিস্তিয়ানো (রোনালদো) ও (লিওনেল) মেসির পাশেই। ১৫-২০ বছর ধরে ওরা যা করেছে, গোলের দিক থেকে আর্লিং সেই কাতারেই। অবিশ্বাস্য…।”

১৪১ গোল করে চ্যাম্পিয়ন্স লিগে গোলের তালিকায় সবার ওপরে রোনালদো। ১২৯ গোল করে দুইয়ে মেসি। লেভানদোভস্কির গোল ১০৫টি, কারিম বেনজেমার ৯০টি ও রাউল গন্সালেসের ৭১টি। 

গুয়ার্দিওলার কাছে প্রশ্ন ছুটে গেল, হলান্ড কি পারবেন রোনালদোকে টপকে যেতে? কোচ বললেন, সম্ভাবনা তিনি প্রবলভাবেই দেখেন। 

“সে যদি ছন্দ ধরে রাখতে পারে, অবশ্যই হবে (গোলের রেকর্ড)। যদিও কাজটা সহজ নয়। সে খেলতে পারে … জানি না, হয়তো আরও ১০-১২ বছর। এই অগ্রগতি ধরে রাখতে পারলে নিশ্চিতভাবেই (রেকর্ড) তার হবে।”