২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুরে দাঁড়িয়ে ফাইনালে ওঠার প্রত্যয় এমবাপের

সকল চাপ সামলে ঘরের মাঠে ঘুরে দাঁড়াতে পারবেন বলে মনে করেন পিএসজি তারকা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2024, 07:08 PM

Updated : 26 Aug 2026, 09:33 AM

চাপ আছে, ভালো করেই জানেন কিলিয়ান এমবাপে। তবে বিচলিত নন তিনি ও তার দল। প্রথম লেগের ঘাটতি ঘরের মাঠে ঘুচিয়ে দিতে দারুণ আত্মবিশ্বাসী পিএসজি তারকা। তার দৃঢ় বিশ্বাস, বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠতে পারবেন তারা।   

সেমি-ফাইনালের প্রথম লেগে গত সপ্তাহে ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হেরে যায় পিএসজি। ফিরতি লেগে নিজেদের মাঠে খেলবে ফরাসি চ্যাম্পিয়নরা। প্যারিসে ম্যাচটি শুরু হবে মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায়। 

নিজের দাতব্য সংস্থায় শিশুদের জন্য আয়োজিত এক অনুষ্ঠানে এমবাপে বলেন, ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস তাদের আছে।   

“আমরা আত্মবিশ্বাসী যে, আমরা ঘুরে দাঁড়াব এবং ফাইনালে উঠব। চাপ আছে, আমরা জানি, তবে দলের সবাই খুব শান্ত আছে।”

“আমি শিশুদের কাছ থেকে একই সতর্কবার্তা পেয়েছি। অনেকবার শুনেছি, ‘আপনাকে জিততেই হবে।’ তারা ঠিকই বলেছে, আমাদের জিততে হবে।”

সেজন্য দলকে সাহায্য করতে পুরোপুরি প্রস্তুত আছেন বলে জানালেন বিশ্বকাপজয়ী তারকা। 

“আমি নিশ্চিত যে খুব ভালো অবস্থায় ম্যাচটি খেলতে নামব, দলকে ফাইনালে তুলতে সাহায্য করার জন্য আমি প্রস্তুত।”