১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খরচ কমাতে ফার্গুসনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছে ইউনাইটেড, খবর বিবিসির

অ্যালেক্স ফার্গুসনের পেছনে বছরে ১০ লাখ পাউন্ডের বেশি খরচ হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2024, 10:41 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

স্যার অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে দীর্ঘ সম্পর্ক ছিন্ন করছে ম্যানচেস্টার ইউনাইটেড। বিসিবির খবরে বলা হয়েছে, চলতি মৌসুম শেষে ইউনাইটেডের শুভেচ্ছাদূতের পদ ছাড়বেন কিংবদন্তি কোচ। 

২০১৩ সালে কোচিং ক্যারিয়ারের ইতি টানার পর থেকেই শুভেচ্ছাদূত হিসেবে ইউনাইটেড থেকে কয়েক লাখ পাউন্ড করে পারিশ্রমিক পেতেন ফার্গুসন। এই সময়ে শুভেচ্ছাদূতের পাশাপাশি ক্লাবের পরিচালকের পদেও ছিলেন তিনি। নিয়মিত মাঠে বসে খেলা দেখতেন তিনি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ক্লাবের মালিকপক্ষের একজন স্যার জিম র‍্যাটক্লিফের সঙ্গে ফার্গুসনের প্রত্যক্ষ আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ফার্গুসনকে সবসময় ক্লাবে স্বাগত জানান হবে বলেছে ক্লাবের একটি সূত্র।

ফার্গুসনের কোচিংয়ে ১৩টি প্রিমিয়ার লিগ, ২টি চ্যাম্পিয়ন্স লিগ, ৫টি এফএ কাপ, ৪টি লিগ কাপ জিতেছে ইউনাইটেড। ইউনাইটেডের সফলতম তো বটেই, তর্কযোগ্যভাবে ইতিহাসে সেরা কোচ হিসেবেও বিবেচনা করা হয় তাকে। 

অবশ্য ভেতরের খবর হিসেবে বিবিসি জানিয়েছে, মূলত ক্লাবের খরচ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে ফার্গুসনকে অব্যাহতি দিয়েছেন র‍্যাটক্লিফ। যেন ফুটবল দলের ওপর বেশি বিনিয়োগ করতে পারেন।

এরই মধ্যে ক্লাবের আড়াইশ জনের বেশি কর্মীকে সরিয়ে দেওয়া হয়েছে। যেখান থেকে বছরে প্রায় এক কোটি পাউন্ড সাশ্রয়ের আশা করছে ইউনাইটেড।

গত মাসে ইউনাইটেডের পক্ষ থেকে জানানো হয়েছিল, তারা ১১ কোটি ৩০ লাখ পাউন্ড লোকসানে আছে। যা কিনা ইংলিশ প্রিমিয়ার লিগের তিন বছরের লোকসান সীমা ১১ কোটি ৫০ লাখ পাউন্ডের খুব কাছাকাছি। এই বিষয়ে ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, নিয়ম মানতে প্রতিশ্রুতিবদ্ধ তারা। 

মাঠের অবশ্য ভালো অবস্থানে নেই ইউনাইটেড। প্রিমিয়ার লিগে সাত ম্যাচে মাত্র দুই জয়ে ৮ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রয়েছে তারা।