১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

আলভারেস-ওতামেন্দিকে নিয়ে আর্জেন্টিনার অলিম্পিক দল

বেশি বয়সের ফুটবলার হিসেবে গোলরক্ষক হেরোনিমো রুলিকেও নিয়েছেন হাভিয়ের মাসচেরানো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2024, 06:29 PM

Updated : 10 Sep 2026, 12:10 PM

জাতীয় দলের হয়ে কোপা আমেরিকার অভিযান শেষ করে ফুরসৎ পাবেন না হুলিয়ান আলভারেস, নিকোলার ওতামেন্দি, হেরোনিমো রুলিরা। স্বর্ণপদকের লড়াইয়ে তিনজনকে যোগ দিতে হবে আর্জেন্টিনার অলিম্পিক দলে।

প্যারিস অলিম্পিকের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানো। বর্তমানে জাতীয় দলে থাকা তিন ফুটবলারকে দলে রেখেছেন ৪০ বছর বয়সী কোচ।

মূলত অনূর্ধ্ব-২৩ টুর্নামেন্ট হলেও দলগুলো বেশি বয়সের সর্বোচ্চ তিনজন করে খেলোয়াড় নিতে পারে। এই সুবিধা কাজে লাগিয়েই আলভারেস, ওতামেন্দি ও রুলিকে নিয়েছেন মাসচেরানো।

জাতীয় দল ও ক্লাবের হয়ে চলতি মৌসুমে এরই মধ্যে পঞ্চাশের বেশি ম্যাচ খেলে ফেলেছেন আলভারেস ও ওতামেন্দি। কোপা আমেরিকা শেষ হতেই রুলিকে সঙ্গে নিয়ে অলিম্পিক দলে যোগ দেবেন তারা।

বয়সের কথা চিন্তা করে আগেই অলিম্পিক না খেলার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি।

আগামী ২৪ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক ফুটবল। ১৬ দলের টুর্নামেন্টে আর্জেন্টিনার গ্রুপসঙ্গী মরক্কো, ইরান ও ইউক্রেইন। 

অলিম্পিকের আর্জেন্টিনা দল

গোলরক্ষক: লেয়ান্দ্রো ব্রে, হেরোনিমো রুলি

ডিফেন্ডার: মার্কো দি সেসার, হুলিও সোলের, হোয়াকিন গার্সিয়া, গনসালো লুহান, নিকোলাস ওতামেন্দি, ব্রুনো আমিওন

মিডফিল্ডার: এসেকিয়েল ফের্নান্দেস, সান্তিয়াগো হেসে, ক্রিস্তিয়ান মেদিনা, কেভিন সেনন 

ফরোয়ার্ড: গিলিয়ানো সিমিওনে, লুসিয়ানো গন্দু, থিয়াগো আলমাদা, ক্লাউদিও এচেভেরি, হুলিয়ান আলভারেস, লুকাস বেলত্রান।