১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ট্রাম্পের সতর্কবার্তা: ইনফান্তিনোকে সরানো হবে ‘মারাত্মক ভুল’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, ইনফান্তিনোকে সরিয়ে দিলে ফুটবল বিশ্বের ‘অনেক বড় ক্ষতি হয়ে যাবে।’

ট্রাম্পের সতর্কবার্তা: ইনফান্তিনোকে সরানো হবে ‘মারাত্মক ভুল’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 05:15 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির যে তুমুল সমালোচিত পরিকল্পনা এঁটেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, সেটাই এখন তার জন্য আত্মঘাতী হতে বসেছে। প্রবল চাপের মুখে সিদ্ধান্ত বদলানোর পরও যেন মুক্তি নেই তার। দিনে দিনে তাকে পদচ্যুতি করার দাবি জোরাল হচ্ছে। ভীষণ কঠিন এই সময়ে ‘বন্ধু’ ডনাল্ড ট্রাম্পকে পাশে পেয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতে, ইনফান্তিনোকে সরিয়ে দিলে ‘অনেক বড় ক্ষতি হয়ে যাবে।’

ইনফান্তিনোর পক্ষে নিজের ‘ভোট’ দিয়ে ট্রুথ সোশ্যালে সোমবার রাতে ট্রাম্প লিখেছেন, ইনফান্তিনোকে ছাড়া ফিফা ‘কখনোই সফল অথবা লাভজনক হতে পারবে না।’

ফুটবল বিশ্বে অনেক দিন ধরেই ট্রাম্প ও ইনফান্তিনোর ‘গভীর বন্ধুত্ব’ বড় এক আলোচনার বিষয়। গত বছর ট্রাম্পকে ফিফার প্রথম শান্তি পুরস্কার দিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। আর গত মাসে শেষ হওয়া বিশ্বকাপে তাদের ঘটানো নানা বিতর্কিত কাণ্ড আরও সমালোচনার জন্ম দেয়। 

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল থ্রাইভ ক্যাপিটালের। আর এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার হলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

ট্রাম্প যদিও দাবি করেন, বাইরের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর সঙ্গে কথা বলেননি তিনি। তবে, সমালোচনা থেমে নেই। 

ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা, উত্তর আমেরিকা, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান অঞ্চলের ফুটবল সংস্থা (কনক্যাকাফ) ও এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) শুরু থেকেই ওই প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নেয়। প্রয়োজনে বিশ্বকাপ বয়কটের হুমকি দেয় উয়েফা। 

পরে ওই পরিকল্পনা বাতিলের ঘোষণা দেয় ফিফা; কিন্তু উয়েফাসহ তারপরও চারিদিক থেকে ইনফান্তিনোর পদত্যাগের দাবি উঠতে থাকে।

এ বিষয়ে সবাইকে যেন একটা সতর্কবার্তা দিলেন ট্রাম্প। তার মতে, ফিফা প্রধানের মতে ইনফান্তিনোর মতো ‘সফল’ আর কাউকে পাবে না সংস্থাটি।

“কোনো কারণে যদি তারা জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেওয়ার কথা ভেবে থাকে, তাহলে মারাত্মক এক ভুল করবে ফিফা।

“তিনি চমৎকার একজন মানুষ, কিছুদিন আগেই তিনি সবচেয়ে সফল একটি বিশ্বকাপ আয়োজনে নেতৃত্ব দিয়েছেন, আগের যেকোনো বিশ্বকাপের চেয়ে চারগুণ সফল। তিনি চলে গেলে, আর কখনও বিশ্বকাপ এতটা সফল কিংবা লাভজনক থাকবে না।”

চাপের মুখে ফিফা সভাপতির পদ বাঁচাতে ইনফান্তিনো নাকি কয়েক দিন আগে থেকেই ট্রাম্প প্রশাসনের সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে গত সোমবার সেটা জানায় নিউ ইয়র্ক পোস্ট।

মার্কিন সংবাদমাধ্যমটির প্রতিবেদন মতে, ওই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকে ইনফান্তিনো বারবার ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। খবরটি সত্যি হলে, সেই চেষ্টার কিছুটা ফল এবার পেলেন ইনফান্তিনো।

এদিকে, ভীষণ উত্তপ্ত এই অবস্থার মাঝে ইনফান্তিনোকে লক্ষ্য করে, ফুটবল পরিবারের উদ্দেশ্যে উয়েফা, কনক্যাকাফ ও এএফসির লেখা একটি খোলা চিঠি সোমবার প্রকাশ্যে এসেছে। তাতে লেখা হয়েছে, যে উপায়ে বিশ্বকাপসহ ফিফার সকল ইভেন্টের অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা করা হয়, তাতে ‘বিচক্ষণতার চরম অভাব’ ফুটে ওঠে। সেই সঙ্গে ইনফান্তিনোকে কাঠগড়ায় তুলে বলা হয়েছে, তিনি যেন বিশ্বাস করেন যে, খেলাটির সবক্ষেত্রে তিনিই যেন সর্বেসর্বা।