ডেভেলপমেন্ট কমিটির ভাবনায় এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ীদের জন্য নতুন কোচের খোঁজেও নেমেছে তারা।
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ের সুবাদে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জিত হয়েছে। এখন ভাবনা আরও বড় আঙিনায় সাফল্য পাওয়ার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটিও এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোয় সাফল্য পাওয়ার দিকেই গুরুত্ব দিচ্ছে।
বাফুফে ভবনে রোববার সভা শেষে ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী জানিয়েছেন, বয়সভিত্তিক দলের জন্য নতুন কোচের সন্ধানে আছেন তারা। সাফ জয়ের পর মার্ক কক্সকে বিদায় করে দেয় বাফুফে। ইংলিশ এই কোচের এক মাসের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে নানা সমালোচনা উঠেছিল। নতুন কোচ নিয়োগের সিদ্ধান্তের ক্ষেত্রে সব প্রক্রিয়া মানা হবে, বলে জানিয়েছেন জাহেদী।
“যারা বাংলাদেশে তরুণ পর্যায়ে কোচিং করাতে আগ্রহী, তারা আবেদন করবে। সেখান থেকে আমাদের যাদের পছন্দ হয়, তাদের চূড়ান্ত করব। তবে সবকিছুই প্রক্রিয়ার মাধ্যমে।”
এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই অনুষ্ঠিত হবে আগামী ২৫ অগাস্ট থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। মূল পর্বের খেলা অনুষ্ঠিত হবে ২০২৭ সালে। জাহেদী জানালেন, বয়সভিত্তিক এই টুর্নামেন্ট বিশেষ গুরুত্ব দিয়ে ভাবছেন তারা।
“এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের আগে আমাদের অন্তত তিনটি প্রস্তুতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে। তেমনি এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের আগে ইউরোপে একাডেমি কাপ টুর্নামেন্টগুলোতে আমাদের দলকে পাঠানো হবে। যেখান থেকে ছেলেরা অভিজ্ঞতা ও যোগ্যতা অর্জন করতে পারে।”
“আমরা এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টকে নিয়ে গুরুত্ব দিচ্ছি। সেই টুর্নামেন্টে চূড়ান্ত পর্বে খেলতে চাই। এজন্য অন্তত ছয় সপ্তাহের ট্রেনিং করব। সেটা পুরোপুরি ঢাকায় কিংবা যশোরে চার আর ঢাকায় দুই সপ্তাহ-এমনও হতে পারে।”
