২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিটির বাজে পারফরম্যান্সে নিজেকে দুষছেন গুয়ার্দিওলা

ইংলিশ ক্লাবটির একের পর এক বাজে পারফরম‍্যান্সে সবার আগে নিজেকে কাঠগড়ায় তুলছেন অভিজ্ঞ স্প্যানিশ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2024, 06:52 PM

Updated : 26 Aug 2026, 11:08 AM

১১ ম্যাচে অষ্টম হার; ম্যানচেস্টার সিটির মতো ক্লাবের সঙ্গে এই পরিসংখ্যান বড্ড বেমানান। কোনো কিছুতেই যেন ছন্দ খুঁজে পাচ্ছে না ইংলিশ চ্যাম্পিয়নরা। উল্টো ক্রমেই অবনতি হচ্ছে তাদের পারফরম্যান্সের। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারের পর সব দায় নিজের কাঁধে নিয়েছেন পেপ গুয়ার্দিওলা। সিটির জন্য নিজেকে যথেষ্ট ভালো কোচ মনে হচ্ছে না এই স্প্যানিয়ার্ডের।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের বিপক্ষে ঘরের মাঠে ২-১ গোলে হেরে যায় সিটি। ইয়োশকো ভার্দিওলের গোলে অনেকটা সময়ে এগিয়ে থাকলেও শেষ দিকে খেই হারিয়ে ফেলে নিজেদের খুঁজে ফেরা দলটি। তিন মিনিটের মধ্যে ব্রুনো ফের্নান্দেসের সফল স্পট কিক ও আমাদ দিয়ালোর গোলে পায় পরাজয়ের তেতো স্বাদ।

এই পরাজয়ে লিগ শিরোপা ধরে রাখার অভিযানে আরও পিছিয়ে পড়েছে সিটি। ১৬ ম‍্যাচে ২৭ পয়েন্ট নিয়ে আপাতত পঞ্চম স্থানে তারা। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে ৯ পয়েন্টে পিছিয়ে গুয়ার্দিওলার দল।

সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১১ ম্যাচের ৮টিতেই হারল সিটি। যেখানে লিগে ৭ ম্যাচে পরাজয়ের স্বাদ পেল তারা ৫টিতে। দলের এমন পড়তি ফর্মের জন্য নিজেকে দুষলেন গুয়ার্দিওলা। তার মনে হচ্ছে, কোচ হিসেবে যথেষ্ট ভালো করতে পারছে না তিনি।   

“আমি দলের প্রধান, আমি ম্যানেজার (কোচ) এবং আমিই যথেষ্ট ভালো নই। আমাকে একটা সমাধান খুঁজে বের করতে হবে, এটাই এখন মূল ব্যাপার। আমি ভালো করতে পারছি না, এটাই সত্যি। যা হবার হয়েছে। আমি কি বলতে পারি? আমরা এই খেলোয়াড় বা ওই খেলোয়াড়কে দোষ দিতে পারি না, বিষয়টা এমন নয়। এটা কঠিন মৌসুম।”

“আমরা আমাদের সেরাটা খেলতে পারিনি। নিজেদের সেরা অবস্থায় নেই আমরা এবং কিছুটা ধুঁকছিও। ১১ ম্যাচের মধ্যে অষ্টম হার এটি, যা স্বাভাবিক নয়, কিছু একটা ঠিক নেই। আমাদের পারফরম্যান্স ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। সমাধান আমাকেই খুঁজতে হবে। এখন পর্যন্ত সেটা খুঁজে পাইনি।”

সিটির পরের ম্যাচ আগামী শনিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে।