১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

শঙ্কা উড়িয়ে কানাডার বিশ্বকাপ দলে ডেভিস

কানাডার জন্য স্বস্তি হয়ে এসেছে অধিনায়ককে বৈশ্বিক আসরে পাওয়ার খবর।

শঙ্কা উড়িয়ে কানাডার বিশ্বকাপ দলে ডেভিস
কানাডা অধিনায়ক আলফুঁস ডেভিস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2026, 07:00 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

সময়মতো চোট কাটিয়ে উঠতে পারবেন কিনা আলফুঁস ডেভিস, এ নিয়ে ছিল অনিশ্চয়তা। শঙ্কার সেই কালো মেঘ সরিয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নিলেন কানাডা অধিনায়ক।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হবে এবারের বিশ্বকাপ। বিশ্ব মঞ্চে লড়াইয়ের জন্য শুক্রবার ২৬ জনের দল ঘোষণা করেছেন কানাডার কোচ জেসি মার্শ। এটাকেই ‘নিজেদের সেরা দল’ বলছেন তিনি।

চোট সমস্যায় ভুগছে কানাডা দল। সুস্থ হওয়ার পথে থাকা বেশ কয়েকজন খেলোয়াড়কে বিশ্বকাপ দলে রেখেছেন কোচ। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম ডেভিস।

পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের দ্বিতীয় লেগে হ্যামস্ট্রিংয়ে চোট পান বায়ার্ন মিউনিখ ডিফেন্ডার। এরপরই তাকে নিয়ে জাগে শঙ্কা। বিশ্বকাপ খেলতে পারবেন কিনা ডেভিস, এটাই দেশটির সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল।

পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ২৫ বছর বয়সী ডেভিসকে পর্যাপ্ত সময় দিচ্ছেন কানাডা কোচ। মার্শ বলেছেন, আগামী রোববার দলের সঙ্গে যোগ দেবেন ডেভিস। তার সতীর্থরা আগেই নর্থ ক্যারোলিনার শার্লটে অনুশীলন শুরু করলেও, একা পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন তিনি।

শুরুর একাদশের গোলরক্ষক নির্বাচন নিয়ে মধুর সমস্যায় পড়বেন মার্শ। অরল্যান্ডো সিটির মাক্সিম ক্র্যাপু এবং ইন্টার মায়ামির ডেইন সেন্ট ক্লেয়ারের মধ্যে কাকে বেছে নেবেন, তা নিয়ে তিনি বেশ ‘চাপে’ আছেন।

বিশ্বকাপে ‘বি’ গ্রুপে পড়েছে কানাডা। ১২ জুন বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে তারা। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ কাতার ও সুইজারল্যান্ড।