৯ গোলের পাগলাটে লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি
একপর্যায়ে ৫-২ গোলে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত এক গোলের ব্যবধানে হারায় ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জিইয়ে রইল ভালোভাবেই।
‘আমাদের চেয়ে ভালো দল আর নেই’- আগের দিন পিএসজি কোচের আত্মবিশ্বাসের প্রতিফলন দেখা গেল দলের পারফরম্যান্সে। শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে প্রবল প্রতাপে ঘুরে দাঁড়াল তারা। বায়ার্ন মিউনিখও কম গেল না। তাতে অবিশ্বাস্য উত্তেজনার অসাধারণ এক লড়াইয়ের সাক্ষী হলো চ্যাম্পিয়ন্স লিগ। শেষ পর্যন্ত বিজয়ীর বেশে মাঠ ছাড়ল পিএসজি।
প্যারিসে মঙ্গলবার রাতে সেমি-ফাইনালের প্রথম লেগে ৯ গোলের পাগলাটে লড়াইয়ে ৫-৪ ব্যবধানে জিতেছে শিরোপাধারীরা।
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের এক লেগে সর্বোচ্চ গোলের রেকর্ড এটি। আর ইউরোপিয়ান কাপ যুগ হিসাবে নিলে যৌথভাবে সর্বোচ্চ, ১৯৫৯-৬০ মৌসুমে রেঞ্জার্স ও আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সেমি-ফাইনালের ফিরতি লেগ শেষ হয়েছিল ৬-৩ গোলে।
২০২১ সালের এপ্রিলের পর এই প্রথম ইউরোপ সেরার মঞ্চে বায়ার্নকে হারাতে পারল পিএসজি। দুই দলের টানা পাঁচ ম্যাচে জয়হীন ছিল ফরাসি ক্লাবটি।
প্রথমার্ধে গোল হয়েছে পাঁচটি, দ্বিতীয়ার্ধে চারটি। একপর্যায়ে ৫-২ গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে এক গোলের ব্যবধানে হারায়, ঘরের মাঠে ফিরতি লেগে বায়ার্নের ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা জিইয়ে রইল ভালোভাবেই।
হ্যারি কেইনের গোলে পিছিয়ে পড়া পিএসজিকে সমতায় ফেরান খাভিচা কাভারাৎসখেলিয়া। এরপর জোয়াও নেভেস এগিয়ে নেন স্বাগতিকদের। সেই গোল মাইকেল ওলিসে শোধ করার পর প্রথমার্ধেই উসমান দেম্বেলের গোলে আবার লিড পায় লুইস এনরিকের দল।
দ্বিতীয়ার্ধে শুরুতে ম্যাচে নিজেদের দ্বিতীয় গোল করে দলকে ৫-২ ব্যবধানে এগিয়ে নেন কাভারাৎসখেলিয়া ও দেম্বেলে। পরে দুটি গোল শোধ করেন দায়ত উপামেকানো ও লুইস দিয়াস।
পুরো ম্যাচে বল দখলে একটু পিছিয়ে থাকা পিএসজি গোলের জন্য ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে পাঁচটি। বায়ার্নের ১০ শটের আটটি লক্ষ্যে ছিল।
ম্যাচে কোনো সেভ করতে পারেননি বায়ার্ন গোলরক্ষক মানুয়েল নয়ার। চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ ১৬ মৌসুমে তিনিই প্রথম গোলরক্ষক, যিনি নকআউট পর্বের কোনো ম্যাচে একটিও সেভ না করে পাঁচ বা এর বেশি গোল হজম করলেন।
গত নভেম্বরে এই মাঠে প্রাথমিক পর্বের ম্যাচে ২-১ গোলে জিতেছিল বায়ার্ন।
এবারের লড়াইয়ে শুরু থেকে আক্রমণ পাল্টা-আক্রমণ চললেও শুরুর দিকে উল্লেখযোগ্য সুযোগ তৈরি করতে পারছিল না কেউ। সপ্তদশ মিনিটে সফল স্পট কিকে বায়ার্নকে এগিয়ে নেন কেইন। পিএসজির উইলিয়ান পাচো বক্সে দিয়াসকে ফাউল করলে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে টানা ছয় ম্যাচে গোল করলেন কেইন। আসরে ১৩ ম্যাচে ইংলিশ স্ট্রাইকারের গোল হলো ১৩টি।
তিন মিনিট পর ব্যবধান বাড়তে পারত। কেইনের পাস ধরে বক্সে ঢুকে ওলিসের নেওয়া শট এগিয়ে এসে রুখে দেন পিএসজি গোলরক্ষক মাতভেই সাফানভ।
২৩তম মিনিটে সমতা টানার সুবর্ণ সুযোগ হারান দেম্বেলে। ওয়ারেন জাইরে এমেরির পাস ধরে বক্সে ঢুকে পড়েন ২০২৫ সালের ব্যালন দ’র জয়ী, কিন্তু ওয়ান-অন-ওয়ানে অবিশ্বাস্যভাবে বাইরে মারেন তিনি।
পরের মিনিটেই সমতায় ফেরে স্বাগতিকরা। দিজিরে দুয়ের পাসে বল ধরে বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন কাভারাৎসখেলিয়া। প্রতিপক্ষের এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে ডান পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন জর্জিয়ার এই ফরোয়ার্ড।
৩১তম মিনিটে ডান দিক দিয়ে বক্সে ঢুকে বাইলাইনের কাছ থেকে ওলিসের প্রচেষ্টা গোলরক্ষক ফেরানোর পর, পিএসজির এক ডিফেন্ডারের গায়ে লেগে বল পোস্টে লাগে।
সেখান থেকে পাল্টা আক্রমণে উঠে বক্সের বাইরে থেকে দুয়ের শট প্রতিপক্ষের পায়ে লেগে কর্নার পায় পিএসজি। সেই কর্নারে চমৎকার হেডে দলকে এগিয়ে নেন জোয়াও নেভেস।
পিএসজির সেই স্বস্তি বেশিক্ষণ থাকেনি। ৪১তম মিনিটে ২-২ সমতায় ফেরে বায়ার্ন। আলেকসান্দার পাভলোভিচের পাস বক্সের বাইরে পেয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে ভেতরে ঢুকে জোরাল শটে গোলরক্ষককে পরাস্ত করেন ওলিসে।
উত্তেজনায় ঠাসা লড়াইয়ে প্রথমার্ধের যোগ করা সময়ে দেম্বেলের স্পট কিকে আবার এগিয়ে যায় পিএসজি। দেম্বেলের শট বক্সে বায়ার্ন ডিফেন্ডার আলফুঁস ডেভিসের হাতে লাগার পর মনিটরে দেখে পেনাল্টি দিয়েছিলেন রেফারি।
দ্বিতীয়ার্ধের শুরুতে দুই মিনিটের মধ্যে দুই গোল করে ৫-২ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ৫৬তম মিনিটে বক্সে আশরাফ হাকিমের কাটব্যাকে ছুটে গিয়ে জোরাল শটে নিজের দ্বিতীয় গোল করেন কাভারাৎসখেলিয়া।
পরের গোলে অবদান রাখেন দুয়ে। তার পাসে বক্সে পেয়ে বায়ার্ন ডিফেন্ডার উপামেকানোর দুই পায়ের মাঝ দিয়ে শট নেন দেম্বেলে, বল পোস্টে লেগে জালে জড়ায়।
তবে একটু পর তিন মিনিটের মধ্যে দুই গোল করে ব্যবধান কমায় বায়ার্ন। ৬৫তম মিনিটে জসুয়া কিমিখের ফ্রি-কিকে বক্সে লাফিয়ে উপামেকানো ঠিকমতো হেড করতে না পারলেও বল এক ড্রপ খেয়ে জাল খুঁজে নেয়। আর কেইনের উঁচু করে বাড়ানো বল বক্সে নিয়ন্ত্রণে নিয়ে, ডিফেন্ডার মার্কিনিয়োসের বাধা এড়িয়ে জোরাল শটে লক্ষ্যভেদ করেন দিয়াস।
বাকি সময়েও লড়াই হয় দারুণ, সুযোগও পায় দুই দলই। ৮৭ত মিনিটে পিএসজির মিডফিল্ডার সেনি মায়ুলুর শট পোস্টে লাগায় ব্যবধান বাড়েনি। যোগ করা সময়ের একেবারে শেষ দিকে বায়ার্নের কিমিখের হেড গোললাইন থেকে হেডে ক্লিয়ার করেন ডিফেন্ডার উইলিয়াম পাচো।
আগামী বুধবার মিউনিখে হবে ফিরতি লেগ।
