২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কষ্টের জয়ে অধিনায়ককে হারাল মেক্সিকো

কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম‍্যাচে জ‍্যামাইকাকে ১-০ গোলে হারিয়েছে মেক্সিকো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2024, 11:58 AM

Updated : 26 Aug 2026, 09:50 AM

কোপা আমেরিকায় নিজেদের একাদশ আসর জয় দিয়েই শুরু করেছে মেক্সিকো। তবে দুইবারের ফাইনালিস্টদের সেই আনন্দ ফিকে হয়ে গেছে অধিনায়কের চোটের খবর। জ‍্যামাইকার বিপক্ষে প্রথমার্ধে চোখে জল নিয়ে মাঠ ছাড়া এদসন আলভারেস ছিটকে যেতে পারেন টুর্নামেন্ট থেকেই।

বাংলাদেশ সময় রোববার সকালে ‘বি’ গ্রুপের ম‍্যাচে ১-০ গোলে জিতেছে মেক্সিকো। দ্বিতীয়ার্ধে ব‍্যবধান গড়ে দিয়েছেন জেরার্দো আর্তেগা।  

মেক্সিকোর অভিজ্ঞ খেলোয়াড়দের একজন আলভারেস। এই মিডফিল্ডার খেলেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হ‍্যামে। হ‍্যামস্ট্রিংয়ে চোট পেয়ে চোখে জল নিয়ে ৩০তম মিনিটে মাঠ ছাড়েন তিনি। দলটির কোচ হাইমে লোসানো ম্যাচ শেষে বলেছেন, আলভারেসের চোট তাদের জন্য বড় ধাক্কা।

“তার কিছু পরীক্ষা করতে এবং তার কী অবস্থা তা ভালোভাবে জানতে আমরা কয়েকদিন অপেক্ষা করব। সে দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সে একজন নেতা, সে খেলাটা ভালো বোঝে। মাঠে ও ড্রেসিং রুমেও সে গুরুত্বপূর্ণ।

“আপনি তার কথা বলা শুনবেন, তার কথার একটি ধরন রয়েছে এবং যখন সে কথা বলে তখন আপনি শুনবেন। এটা আমাদের সবার জন্য কঠিন আঘাত ছিল।”

প্রতিপক্ষের চেয়ে ৩৮ ধাপ পিছিয়ে থাকা জ‍্যামাইকা ম‍্যাচের পঞ্চম মিনিটে জালে বল পাঠিয়েছিল। যা হতে পারত কোপা আমেরিকায় তাদের ইতিহাসের প্রথম গোল। তাদের হতাশায় ডুবিয়ে ভিএআরে দেখে অফসাইডের বাঁশি বাজান রেফারি।

লুইস শাভেজ, সান্তিয়াগো হিমেনেস, আর্তেগার কয়েকটা চেষ্টা দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন জ‍্যামাইকা গোলরক্ষক জামালি ওয়েট। শেষ পর্যন্ত ৬৯তম মিনিটে তীব্র গতির শটে তাকে পরাস্ত করে বল জালে পাঠান আর্তেগা।

দুই দলই এই প্রতিযোগিতায় খেলছে অনভিজ্ঞ গোলরক্ষক নিয়ে। অভিজ্ঞ গিয়ের্মো ওচোয়া জায়গা পাননি মেক্সিকো দলে। চোটের জন‍্য নেই আরেক গোলরক্ষক লুইস মালাগন। তাদের অনুপস্থিতিতে নিজের মাত্র তৃতীয় ম‍্যাচ খেলেছেন জুলিয়ান গনসালেস। 

চোটের জন‍্য জ‍্যামাইকা পাচ্ছে না দুইবারের মেজর লিগ সকারের বর্ষসেরা গোলরক্ষক আন্দ্রে ব্লেককে। তার জায়গায় নেমে আটটি সেভে দলের বড় হার এড়িয়েছেন ওয়েট। 

এই জয়ে ভেনেজুয়েলার সমান ৩ পয়েন্ট হলো মেক্সিকোর। আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে দল দুটি। সেদিনের আরেক ম‍্যাচে একুয়েডরের বিপক্ষে খেলবে জ‍্যামাইকা।