২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ বাঁচাতে ট্রাম্পের ‘সমর্থন পাওয়ার চেষ্টায়’ ইনফান্তিনো

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে বারবার ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন ফিফা সভাপতি, খবর নিউ ইয়র্ক পোস্টের।

পদ বাঁচাতে ট্রাম্পের ‘সমর্থন পাওয়ার চেষ্টায়’ ইনফান্তিনো
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো (ডানে)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Aug 2026, 10:30 PM

Updated : 11 Sep 2026, 03:47 PM

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বিক্রির পরিকল্পনা বাতিল করার পরও তীব্র সমালোচনা আর বিরোধিতার মুখে আছেন জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা সভাপতির পদ বাঁচাতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমর্থন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তিনি। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাত দিয়ে সোমবার নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে এই খবর।

মার্কিন সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত শুক্রবার ওই পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর থেকে ইনফান্তিনো বারবার ট্রাম্পের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন এবং চারপাশের নেতিবাচক প্রচারণার ফলে ফিফা প্রধান ‘একাকী’ বোধ করছেন।

বার্তা সংস্থা রয়টার্সের অনুরোধে ফিফা এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

ফিফার পরিকল্পনা ছিল, বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য একটি নতুন সংস্থার প্রায় ২০ শতাংশ অংশীদারিত্ব বিক্রি করে ৪.২ বিলিয়ন ডলার পর্যন্ত তহবিল সংগ্রহ করা। গত মঙ্গলবার এই প্রস্তাবটি ঘোষণার পর থেকে বিভিন্ন অংশীদারের তীব্র বিরোধিতার মুখে চার দিনের মাথায় পিছু হঠতে বাধ্য হয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি।

পরিকল্পনাটি ভেস্তে যাওয়ায় ৫৬ বছর বয়সী ইনফান্তিনোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত আরও একটি মেয়াদে তার ফিফা সভাপতি হওয়ার লক্ষ্যে লেগেছে জোর ধাক্কা।

ট্রাম্প ও ইনফান্তিনোর একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে গত জুন-জুলাইয়ে অনুষ্ঠিত বিশ্বকাপসহ বড় বড় ফুটবল ইভেন্টে তাদের একসঙ্গে দেখা গেছে।

দুজনের সম্পর্কের সেই ঘনিষ্ঠতা ফুটে ওঠে ২০২৫ সালের ডিসেম্বরে, যখন ট্রাম্পের হাতে প্রথমবারের মতো প্রবর্তিত ‘ফিফা শান্তি পুরস্কার’ তুলে দেন ইনফান্তিনো। বিষয়টি নিয়ে তীব্র আলোচনা-সমালোচনা হয় তখন।

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বের অংশ বিক্রির পরিকল্পনাকে কেন্দ্র করে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়। প্রস্তাবিত বিনিয়োগকারী গোষ্ঠীর নেতৃত্ব দেওয়ার কথা ছিল থ্রাইভ ক্যাপিটালের। আর এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা জশুয়া কুশনার হলেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।

ট্রাম্প যদিও দাবি করেন, বাইরের বিনিয়োগ পরিকল্পনা নিয়ে ইনফান্তিনোর সঙ্গে কথা বলেননি তিনি।

নিউ ইয়র্ক পোস্ট আরও জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ব্যক্তিগত আলোচনার জন্য সময় নির্ধারণ করেছিলেন ইনফান্তিনো। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের মতে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী সোমবার সকাল ৯টার পরপরই মার্কিন শীর্ষ কূটনীতিকের সঙ্গে ফোনে কথা বলার কথা ছিল ফিফা সভাপতির।

গ্লোবাল পাবলিক অ্যাফেয়ার্সের জন্য নিযুক্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডিলান জনসন অবশ্য এক্স-এ এক পোস্টে জানিয়েছেন, ইনফান্তিনোর সঙ্গে রুবিওর কথা বলার ‘কোনো পরিকল্পনা নেই’ এবং ‘এমন কোনো ফোনালাপের কথাও ছিল না।’