১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরও ৬ সপ্তাহ মাঠের বাইরে পালমার

কুঁচকির চোটে অনেক দিন ধরে ভুগছেন চেলসির এই অ্যাটাকিং মিডফিল্ডার।

আরও ৬ সপ্তাহ মাঠের বাইরে পালমার
কোল পালমার। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2025, 05:15 PM

Updated : 26 Aug 2026, 02:30 PM

কোল পালমারকে সহসা পাচ্ছে না চেলসি। ইংলিশ ক্লাবটির কোচ এন্টসো মারেস্কা জানিয়েছেন, কুঁচকির চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আরও ছয় সপ্তাহ সময় লাগবে ইংলিশ অ্যাটাকিং মিডফিল্ডারের।

গত অগাস্টে এই চোট পান ২৩ বছর বয়সী পালমার। তখন দলের দুটি প্রিমিয়ার লিগের ম্যাচে খেলতে পারেননি তিনি। সেরে ওঠে সেপ্টেম্বরে মাঠে ফিরলেও তখন শতভাগ ফিট ছিলেন না এই ফুটবলার।

ফেরার পর লিগে ব্রেন্টফোর্ড এবং চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে করেন একটি করে গোল। পরে গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হেরে যাওয়া ম্যাচে বেড়ে যায় তার কুঁচকির চোট। এরপর থেকে মাঠের বাইরে তিনি।

প্রিমিয়ার লিগের লড়াইয়ে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে চেলসি। আগের দিন সংবাদ সম্মেলনে পালমারের চোট নিয়ে কথা বলেন মারেস্কা।

“পালমারকে নিয়ে আমি ভুল ছিলাম। দুর্ভাগ্যবশত তাকে আরও ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। আমরা তাকে যতটা সম্ভব সুরক্ষিত রাখার চেষ্টা করছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যখন সে ফিরে আসবে তখন যেন সম্পূর্ণ ফিট থাকে।”

“চিকিৎসকরা জাদুকর নয়। আশা করছি, (তার পুরোপুরি সেরে উঠতে) ছয় সপ্তাহ যথেষ্ট। আমাদের ধাপে ধাপে এগোতে হবে। তার সুস্থ হয়ে ওঠা নিশ্চিত করতে হবে। তাকে স্বচ্ছন্দ লাগছে। চোট থেকে সেরে উঠতে চেষ্টা করছে এবং সব ধরনের থেরাপি নিচ্ছে।”

৭ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে সপ্তম স্থানে আছে চেলসি।