১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চোট নেই বাহডলের, নিশ্চিত করলেন লিভারপুল কোচ

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ছাড়েন এই ফরাসি ফরোয়ার্ড।

চোট নেই বাহডলের, নিশ্চিত করলেন লিভারপুল কোচ
বাহডলে বাহকোলা। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 06:15 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

লিভারপুলের হয়ে অ‍্যানফিল্ডে প্রথমবার খেলতে নেমে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন বাহডলে বাহকোলা। তবে কোচ আন্দোনি ইরাওলা নিশ্চিত করলেন, দলে নতুন আসা এই ফরাসি ফরোয়ার্ড কোনো চোট পাননি।

এই গ্রীষ্মে ১২ কোটি ৩০ লাখ পাউন্ডে পিএসজি থেকে লিভারপুলে যোগ দেন বাহকোলা। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগ ম্যাচের মাঝপথে মাঠ ছাড়েন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দ্রুত পোস্টের দিকে এগোনোর সময় হুট করে বসে পড়েন তিনি। এ সময় তাকে পায়ের পেছনের পেশিতে হাত দিয়ে চেপে ধরতে দেখা যায়। 

মাঠে শুশ্রূষা নেওয়ার পরও আর খেলা চালিয়ে যেতে পারেননি বাহকোলা। স্ট্রেচার লাগেনি তার, হেঁটেই মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় নামেন ভিক্তর মুনিয়োস। 

পরে সংবাদ সম্মেলনে ইরাওলা নিশ্চিত করেন, বাহকোলাকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটেনি। 

“এটা স্রেফ ক্র‍্যাম্প, কোনো চোট নেই। বাহডলের ক্ষেত্রে ব‍্যাপারটি হলো, তার ফিটনেসের উন্নতি ঘটাতে হবে। আমরা সত‍্যিই জানি না কিংবা সম্ভবত এখন পর্যন্ত আমরা জানতাম না, সে কতটা সময় খেলতে পারবে। কারণ, পিএসজির হয়ে সে প্রাক-মৌসুম এক মিনিটও খেলেনি।

“সেদিন সে ৩০ মিনিট খেলেছে। আজ আমাদের কিছু সংশয় ছিল যে, সে আমাদের হয়ে কত মিনিট খেলতে পারবে। সম্ভবত সেটা এখন আমরা জানি।”

আতলেতিকোকে ২-১ গোলে হারিয়ে চ‍্যাম্পিয়ন্স লিগে শুভ সূচনা করেছে লিভারপুল। আগামী শনিবার তারা প্রিমিয়ার লিগে ফুলহ‍্যামের মুখোমুখি হবে।