মেসিকে সবসময়ের সেরা মানেন না আনচেলত্তি
রিয়াল মাদ্রিদ কোচের মতে, এভাবে ভিন্ন ভিন্ন যুগের খেলোয়াড়দের মধ্যে তুলনা করা ঠিক না।
এক যুগেরও বেশি সময় ধরে সময়ের সেরা দুই ফুটবলারের একজন হিসেবে বিবেচনা করা হচ্ছে লিওনেল মেসিকে। অনেকের চোখে আবার তিনি অনেক আগেই সবসময়ের সেরা হয়ে গেছেন। আর বিশ্বকাপ জয়ের পর এমন মতের সংখ্যা বাড়ছে। তবে, রিয়াল মাদ্রিদ কোচ এভাবে ভাবছেন না। আর্জেন্টাইন তারকাকে কিছুইতেই ইতিহাসের সেরা বলতে রাজি নন তিনি।
কাতার বিশ্বকাপ ও বড় দিন মিলিয়ে দীর্ঘ বিরতি শেষে বৃহস্পতিবার মাঠে ফিরেছে লা লিগা। পরদিন রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে খেলতে নামবে রিয়াল। বাংলাদেশ সময় রাত আড়াইটায় শুরু হবে ম্যাচটি।
আগের দিন আনচেলত্তির সংবাদ সম্মেলনে উঠল বিভিন্ন বিষয়। তারই এক ফাঁকে তাকে প্রশ্ন করা হয়, কাতার বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে সবসময়ের সেরা ফুটবলার হিসেবে মেসি কি তার জায়গা পাকা করে ফেলেছেন? একটু ঘুরিয়ে ‘না’ বললেন ইতালিয়ান এই কোচ।
“এটা বলা কঠিন। সে ইতিহাসের সেরা কি-না, আমি জানি না। এভাবে বলা ঠিকও না, কারণ সব যুগেই অনেক ভালো ভালো খেলোয়াড় এসেছে।”
“মেসিই সবসময়ের সেরা, এমন কথা আমার মুখে আসবে না। অনেক অনেক ভালো খেলোয়াড় দেখেছি আমি… ইয়োহান ক্রুইফকে খেলতে দেখেছি, দিয়োগো মারাদোনাকে…।”
স্পেনের শীর্ষ লিগের দ্বিতীয় পর্বে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে রিয়ালের সামনে। মৌসুমের শুরুটা দারুণ করলেও বিরতির আগে কিছুটা ছন্দ হারিয়ে বসে তারা। সবশেষ তিন ম্যাচে জিততে পারে মাত্র একটি ম্যাচ; অন্য দুটির একটি করে হার ও ড্র। আর সেই সুযোগে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় বার্সেলোনা।
১৪ ম্যাচে ১২ জয় ও এক ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৩৭। আর ১১ জয় ও ২ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল।
