২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেকর্ড দর্শকের সামনে মেসিদের উড়িয়ে চ্যাম্পিয়ন সাউন্ডার্স, ফাইনাল শেষে মাঠে হাতাহাতি

অবিশ্বাস্য সুযোগ হাতছাড়া করেন মেসি, হাতাহাতির মধ্যে প্রতিপক্ষের দিকে থুথু ছুড়ে বিতর্কের জন্ম দেন সুয়ারেস।

রেকর্ড দর্শকের সামনে মেসিদের উড়িয়ে চ্যাম্পিয়ন সাউন্ডার্স, ফাইনাল শেষে মাঠে হাতাহাতি
ফাইনালে জ্বলে উঠতে পারেননি মেসি, পারেনি মায়ামিও। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2025, 10:26 AM

Updated : 26 Aug 2026, 02:13 PM

সিয়াটল সাউন্ডার্সের এমনিতেই প্রবল অনুরাগী সমর্থকগোষ্ঠী আছে। ঘরের মাঠে দর্শক উপস্থিতি তাদের বরাবরই দারুণ। এই ম্যাচ ছাড়িয়ে গেল অতীতের সব রেকর্ড। লিওনেল মেসির দলের বিপক্ষে ফাইনাল বলে কথা! আর্জেন্টাইন জাদুকরের ভক্ত-সমর্থক অনেকেও ছিলেন গ্যালারিতে। তারা শেষ পর্যন্ত হতাশই হলেন। ঘরের দর্শকদের আনন্দের জোয়ারে ভাসিয়ে ইন্টার মায়ামিকে স্তব্ধ করে শিরোপা জিতে নিল সিয়াটল সাউন্ডার্স।

লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সিয়াটল সাউন্ডার্স। 

ম্যাচ শেষে লুইস সুয়ারেসের কাণ্ডের জের ধরে দুই দলের খেলোয়াড়রা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। সেটি থামতে সময় লাগে অনেকটা। পরে জয়োৎসবে মেতে ওঠেন সাউন্ডার্সের ফুটবলাররা। 

এই শিরোপা জয়ে অনন্য এক কীর্তি গড়ল ২০০৭ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি। মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম দল হিসেবে উত্তর আমেরিকার সবগুলো ট্রফি জয়ের স্বাদ পেল তারা। এর আগে দুটি এমএলএস কাপ, চারটি ইউ এস ওপেন চ্যাম্পিয়নশিপ ও ২০২২ সালের কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল দলটি।

এবারের জয়ে ট্রফি ও প্রাইজমানি ছাড়াও সাউন্ডার্সের প্রাপ্তি ২০২৬ কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপে সরাসরি শেষ ষোলোতে জায়গা।

সিয়াটলের মাঠ লুমেন ফিল্ডে এ দিন দর্শক ছিল ৬৯ হাজার ৩১৪ জন, ফুটবল ম্যাচে যা এই মাঠের রেকর্ড। লিগস কাপের ম্যাচেও এটি রেকর্ড।  সেই দর্শকদের বেশির ভাগকেই উন্মাতাল করে এগিয়ে যায় সাউন্ডার্স। হেসুস ফেরেইরা দারুণভাবে বল বাড়িয়ে দেন ডান প্রান্তে পল রথরককে। তার মাপা ক্রসে কাছ থেকে হেডে গোল করেন ওসাজে দে রোজারিও।

৮৩ মিনিট পর্যন্ত গোল ছিল সেই একটিই। মায়ামির ম্যাচে ফেরার সম্ভাবনাও জিইয়ে ছিল। কিন্তু ৮৪তম মিনিটে অ্যালেক্স রোল্ডানের পেনাল্টি গোল ম্যাচের ভাগ্য গড়ে দেয় অনেকটাই। ৮৯ মিনিটে মায়ামির আশার কফিনে শেষ পেরেক ঠুকে দেয় রথরকের দারুণ ফিনিশিংয়ের গোল।

প্রথমার্ধে খুব সুবিধে করতে না পারা মায়ামি দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায়। কিন্তু গোলমুখে সবাই ছিলেন অকার্যকর। গোলে ১০টি শট নিয়েও তারা লক্ষ্যে রাখতে পারেনি একটিও! সাউন্ডার্স গোলকিপারকে তাই কোনো পরীক্ষাই দিতে হয়নি। 

৫০তম মিনিটে অবিশ্বাস্যভাবে কাছ থেকে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠিয়ে দেন মেসি। এমন সুযোগ হাতছাড়া করতে খুব একটা দেখা যায় না তাকে। ১০ মিনিট পর অবশ্য আরও সহজ সুযোগ কাজে লাগাতে পারেননি তাদেও আইয়েন্দে। বাজেভাবে বল বাইরে মারেন তিনি। 

ম্যাচের ৬৮ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখেও তাই আদতে কোনো লাভ হয়নি মায়ামির। দ্বিতীয়ার্ধে অবশ্য হ্যান্ডবল থেকে পেনাল্টির একটি জোর দাবি তারা জানিয়েছিল। তাতে কান দেননি রেফারি। অন্যদিকে, সাউন্ডার্স ৩২ শতাংশ সময় বল রেখেই তিনটি গোল করা ছাড়াও আরও চার দফায় শট রাখে লক্ষ্যে। মায়ামিকে রক্ষা করেন গোলকিপার অস্কার উস্তারি। 

শেষ বাঁশি বাজার পর উল্লাসে মেতে ওঠা সাউন্ডার্সের মিডফিল্ডার ওবেদ ভার্গাসের দিকে তেড়ে যান সুয়ারেস। সেটির সূত্র ধরে দুই দলের ফুটবলারদের মধ্যে হাতাহাতি লেগে যায়। একটি ভিডিও ক্লিপে দেখা যায়, সাউন্ডার্সের কোচিং স্টাফদের একজনের দিকে থুথু ছুড়ে দেন সুয়ারেস। দুই দলের অনেকের মধ্যেই বাজেভাবে ছড়িয়ে পড়ে হাতাহাতি। যেটি চলতে থাকে বেশ কিছুক্ষণ ধরে।

পরে ট্রফি নিয়ে উল্লাস করে সাউন্ডার্স। ২০২৩ সালে এই ট্রফি জিতেছিলেন মেসিরা।