শীর্ষ আটে থাকতে পারবে না রেয়াল মাদ্রিদ, বুঝে গেছেন কোচ
চ্যাম্পিয়ন্স লিগে এবার বাজে শুরু করা রেয়াল মাদ্রিদ সরাসরি পরের ধাপে জায়গা করে নিতে পারবে না, এখনই তা মেনে নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচ বাকি আছে আরও তিনটি। পয়েন্ট টেবিলের যা অবস্থা, তাতে সম্ভাব্য বাস্তবতা উপলব্ধি করে ফেলেছেন কার্লো আনচেলত্তি। রেয়াল মাদ্রিদ কোচ নিজেই বলছেন, চ্যাম্পিয়ন্স লিগে শীর্ষ আটে থেকে সরাসরি পরের ধাপে যেতে পারবে না তার দল। তবে প্লে-অফ জিতে শেষ ষোলোয় যেতে আত্মবিশ্বাসী টুর্নামেন্টের ইতিহাসের সফলতম কোচ।
মৌসুমের শুরুতেই চোট-জর্জর রেয়াল মাদ্রিদ মাঠের ফুটবলে ধারাবাহিকতার অভাবে যেমন ভুগছে লা লিগায়, তেমনি আরও বাজে অবস্থা তাদের চ্যাম্পিয়ন্স লিগে। নতুন চেহারার টুর্নামেন্টে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচের স্রেফ দুটি জিততে পেরেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের সফলতম দলটি এবার এখনও পর্যন্ত ৩৬ দলের আসরে ২৪তম স্থানে আছে মাত্র ছয় পয়েন্ট নিয়ে।
নতুন সংস্করণের এই লিগে শীর্ষ আট দল সরাসরি খেলবে শেষ ষোলোয়। নবম থেকে ২৪তম স্থানে থাকা দল লড়বে দুই লেগের প্লেঅফে।
টিকে থাকার লড়াইয়ে মহাগুরুত্ব ম্যাচে মঙ্গলবার রেয়াল লড়বে ইতালিয়ান ক্লাব আতালান্তার বিপক্ষে। ম্যাচের আগে আনচেলত্তি বললেন, প্লেঅফ খেলে হলেও পরের ধাপে যেতে তার বিশ্বাসের কমতি নেই।
“তিন পয়েন্টের চেয়ে গুরুত্বপূর্ণ কিছু আপাতত নেই। এটা আমাদেরকে সহায়তা করবে পরের ধাপে যেতে। দুর্ভাগ্যজনকভাবে, বাড়তি একটি রাউন্ড খেলতে হবে আমাদের (প্লে অফ)। তবে সমস্যা নেই। দলের ওপর আমার বিশ্বাস প্রবল।”
এই মৌসুমে রেয়ালের পারফরম্যান্সে ওঠা-নামার যে নিয়মিত চিত্র, সেটি ফুটে উঠছে সাম্প্রতিক পারফরম্যান্সেও। সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ চার ম্যাচের দুটিতে জিতেছে আনচেলত্তির দল, হেরেছে দুটিতে। সবশেষ ম্যাচে অবশ্য ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা জিরোনার মাঠ থেকে। আতালান্তার বিপক্ষেও দলকে নিয়ে আশাবাদী কোচ।
“পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। এখন আমরা বেশ ভালো অবস্থায় আছি এবং উন্নতির পথ ধরে সামনে এগোচ্ছি। এই বছরের বাকি সময়টার মধ্যে সবচেয়ে কঠিন ম্যাচটি হতে পারে আগামীকাল (মঙ্গলবার)। আতালান্তার মতো কঠিন একটি প্রতিপক্ষকে হারানোর ভালো কৌশল খুঁজছি আমরা। তবে দুর্ভাবনা খুব বেশি নেই। মাঝামাঝি পর্যায়ে আছে, এর বেশি নয়।”
মৌসুমের শুরুতে গত অগাস্টে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতেছিল রেয়াল মাদ্রিদ। এরপর দুই দলের পারফরম্যান্সের গ্রাফ দুই রকম। রেয়ালের ভোগান্তির বিপরীত অবস্থা আতালান্তার। সিরি আ-তে ১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তারা শীর্ষে আছে।
চ্যাম্পিয়ন্স লিগের পাঁচ ম্যাচে তারা এখনও হারেনি। তিন জয় ও দুই ড্রয়ে তাদের অবস্থান পঞ্চম। অবিশ্বাস্যভাবে, গোল হজম করেছে তারা স্রেফ একটি।
সব প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ৯ ম্যাচেই জিতেছে আতালান্তা। এর মধ্যে আছে এসি মিলান, নাপোলি, রোমার বিপক্ষে জয়।
আতালান্তার পারফরম্যান্সের উচ্ছ্বসিত প্রশংসা করছেন আনচেলত্তিও। কৃতিত্ব দিচ্ছেন তিনি কোচ জান পিয়েরো গাসপেরিনিকে। পাশাপাশি নিজেদের কথাও জানিয়ে রাখলেন রেয়াল কোচ।
“আতালান্তা খুব ভালো করছে। সুপার কাপের তুলনায় এখন অনেক উন্নতি করেছে। তারা দারুণ ধারাবাহিকতায় ছুটছে, খুবই উদ্দীপ্ত একটি দল। দারুণ একটি ক্লাব এটি। প্রতি মৌসু্মেই অনেক ফুটবলারকে হারানোর পরও ভালো পারফর্ম করতেই থাকে। মানিয়ে নেওয়ার উপায় তারা বের করেই ফেলে এবং এতেই ফুটে ওঠে, তারা কেমন।”
“তাদের কোচ অসাধারণ কাজ করছে। প্রতি মৌসুমে অনেক ফুটবলারকে হারানোর পরও তীব্রতা দিয়ে এবং নান্দনিক ফুটবল খেলার পথ বের করে ফেলে তারা। তার (কোচ) কাজ দুর্দান্ত। তবে আমাদের জন্য সুযোগ সেখানে গিয়ে নিজেদের প্রমাণ করার পাশাপাশি তিনটি পয়েন্ট আদায় করার।”
