‘এখানেই থাকতে চাই’, ইউনাইটেডের ৫ গোলের পর ফন নিস্টলরয়
এরিক টেন হাগের জায়গায় স্থায়ী কোচ নিয়োগ হলেও ওল্ড ট্র্যাফোর্ডে থাকার আশায় রুড ফন নিস্টলরয়।
ম্যানচেস্টার ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্বে রুড ফন নিস্টলরয়ের শুরুটা হয়েছে দুর্দান্ত। লেস্টার সিটিকে উড়িয়ে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে তারা। ক্লাবের সাবেক এই স্ট্রাইকার বলছেন, এরিক টেন হাগের জায়গায় স্থায়ী কোচ নিয়োগ হলেও ‘যেকোনো ভূমিকায়’ ওল্ড ট্র্যাফোর্ডে থাকতে তিনি প্রস্তুত।
দলের টানা বাজে পারফরম্যান্সের কারণে গত সোমবার টেন হাগকে বরখাস্ত করে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয় ফন নিস্টলরয়কে। গত জুলাইয়ে টেন হাগের সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল তাকে।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার লিগ কাপের শেষ ষোলোর ম্যাচে বিনোদনদায়ী ফুটবলে লেস্টারকে ৫-২ গোলে হারায় ইউনাইটেড। দুটি করে গোল করেন ব্রুনো ফের্নাদেস ও কাসেমিরো, একটি করেন আলেহান্দ্রো গার্নাচো।
টেন হাগের আড়াই বছরের দায়িত্বে প্রিমিয়ার লিগের কোনো দলের বিপক্ষে ইউনাইটেড কখনও পাঁচ গোল করতে পারেনি।
স্পোর্তিং লিসবনের কোচ রুবেন আমোরিকে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ইউনাইটেড। সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, স্পোর্তিংয়ের সঙ্গে চুক্তির শর্তাবলির কারণে এই কোচকে আগামী আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে হয়তো পাবে না প্রিমিয়ার লিগের সফলতম দলটি।
সেক্ষেত্রে প্রিমিয়ার লিগে চেলসি, লেস্টার ও ইউরোপা লিগে পিএওকে থেসালোনিকির বিপক্ষেও ডাগআউটে দেখা যেতে পারে ৪৮ বছর বয়সী ফন নিস্টলরয়কে। খেলোয়াড় হিসেবে পাঁচ বছর ইউনাইটেডে কাটানো সাবেক ডাচ স্ট্রাইকার স্কাই স্পোর্টসকে বললেন, এখানেই থেকে যেতে চান তিনি।
“অবশ্যই (থাকতে চাই)। ক্লাবকে সাহায্য করার জন্য সহকারী কোচ হিসেবে এখানে এসেছিলাম। এখন এই ভূমিকায়, যতদিন আমাকে প্রয়োজন হবে, ততদিন সাহায্য করব। আগামীতে যেকোনো ভূমিকায়, দলের ভবিষ্যৎ নির্মাণে ক্লাবকে সাহায্য করতে এখানে আছি আমি।”
লিগ কাপের সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে খেলবে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের টেবিলে তারা আছে ১৪ নম্বরে।
