সিটিতে থাকবেন কি-না, অলিম্পিকসের পর জানাবেন আলভারেস
পেপ গুয়ার্দিওলার দলে সুখে থাকলেও, গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুর একাদশে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় কিছুটা অসন্তুষ্ট হুলিয়ান আলভারেস।
কোপা আমেরিকায় সফল মিশন শেষে এখন ব্যস্ত সময় কাটছে প্যারিস অলিম্পিকসে। এর মাঝেই ক্লাব ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে মন্তব্য করলেন হুলিয়ান আলভারেস। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ এখনও চার বছর বাকি থাকলেও, অন্যত্র যাওয়ার ভাবনাও উঁকি দিচ্ছে এই আর্জেন্টাইনের মনে।
ইংলিশ ক্লাবটিতে খারাপ আছেন, এমন কিছু অবশ্য বলেননি আলভারেস। বরং জোর দিয়েই বললেন, গত মৌসুম তার বেশ ভালো কেটেছে। সিটিতে তার খারাপ লাগার জায়গা মূলত, বেশি সময় খেলতে না পারা।
অলিম্পিকসের সোনা পুনরুদ্ধারের অভিযানে নেমে প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে হেরে বসে আর্জেন্টিনা। পরে ইরাককে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে তারা। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইউক্রেইনের মুখোমুখি হবে হাভিয়ের মাসচেরানোর দল।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সিটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে ওঠা প্রশ্নের উত্তরে আলভারেস বললেন, এখন এসব নিয়ে ভাবতে চান না তিনি।
“এই বিষয়ে অনেক কথা হচ্ছে। এখন আমি কেবল এখানে (অলিম্পিকসে) মনোযোগী, কারণ এটা ছোট একটা টুর্নামেন্ট। ম্যানচেস্টার সিটিতে আমি খুব ভালো আছি, অনেক মিনিট খেলেছি।
“তবে গেমসের পর এই বিষয়ে ভাবব। প্রথমত, সম্ভব হলে আমি কিছুদিনের ছুটি নিব। এরপর আমরা সিদ্ধান্ত নিব।”
কোচ পেপ গুয়ার্দিওলার কথা অনুযায়ী, সিটিতে আলভারেস বেশ গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দারুণ প্রতিভাবান। তবে তারকা সমৃদ্ধ দলটিতে বেশিরভাগ সময় শুরুর একাদশে জায়গা পান না তিনি।
গত মৌসুমের এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হারের ম্যাচেও বদলি হিসেবে খেলার সুযোগ পান তিনি। এরপর থেকেই তার আতলেতিকো মাদ্রিদে যাওয়ার সম্ভাবনা নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে।
এই বিষয়ে প্রশ্নে আবারও সিটিতে ভালো থাকার কথা বলেন আলভারেস।
“বড় ম্যাচে বাইরে থাকাটা হয়তো কিছুটা বিরক্তিকর, খেলোয়াড়রা সবসময় মাঠে নেমে দলকে সাহায্য করতে চায়। তবে মৌসুমটা আমরা বেশ ভালো কেটেছে, তাই আমি খুব খুশি।”
প্রাক-মৌসুম পর্বে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছে সিটি। সেখান থেকে আলভারেসকে নিয়ে প্রশ্নে গুয়ার্দিওলা বলেন, ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের ভবিষ্যৎ নিয়ে ভাবনা প্রসঙ্গে অবগত আছেন তিনি।
“আমি জানি, সে গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলতে চায়, কিন্তু অন্য খেলোয়াড়ও খেলতে চায়। আমাদের ১৮ থেকে ১৯ জন খেলোয়াড় আছে, যারা গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে চায়।”
“আমি (সংবাদ) পড়েছি যে, সে এই বিষয়ে ভাববে। ঠিক আছে ভাবুক। এরপর সে আমাদের জানাবে যে কী করতে চায়।”
