২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

বেনফিকার বিপক্ষে রেয়াল মাদ্রিদ কোচের চাওয়া ‘নিখুঁত ম্যাচ’

গত মাসে বেনফিকার মাঠে হারলেও, এবার জয় ছাড়া অন্য কিছু ভাবছেন না রেয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া।

বেনফিকার বিপক্ষে রেয়াল মাদ্রিদ কোচের চাওয়া ‘নিখুঁত ম্যাচ’
আলভারো আরবেলোয়া। ছবি: রেয়াল মাদ্রিদ ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2026, 08:24 AM

Updated : 26 Aug 2026, 02:58 PM

লিসবনে গত মাসে রেয়াল মাদ্রিদের হারের ক্ষত এখনও হয়তো শুকায়নি। এর মাঝেই আবার বেনফিকার মুখোমুখি হচ্ছে ইউরোপের সফলতম দলটি। তবে আগের ম্যাচটি নিয়ে ভাবছেন না আলভারো আরবেলোয়া। এবার পুরো সময় মনোযোগী থেকে নিজেদের সেরাটা মেলে ধরে জয়ের লক্ষ্য রেয়াল মাদ্রিদ কোচের।

চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম লেগে মঙ্গলবার বেনফিকার মাঠে খেলবে রেয়াল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।

এই মাঠেই গত মাসের শেষ দিকে প্রাথমিক পর্বের শেষ রাউন্ডে ৪-২ গোলে হেরে সরাসরি ষোলোয় ওঠার সুযোগ হারায় রেয়াল। ৯৮তম মিনিটে বেনফিকার চতুর্থ গোলটি করেন তাদের গোলরক্ষক। এতে গোল ব্যবধানে প্লে-অফে জায়গা করে নেয় পর্তুগিজ ক্লাবটি।

এবারের লড়াইয়ের আগে সোমবার সংবাদ সম্মেলনে আরবেলোয়া বলেন, জয়ের জন্য নিজেদের সেরাটা নিংড়ে দিতে হবে তাদের। 

“জয়ের জন্য আমাদের খুব ভালো খেলতে হবে এবং তা করতে হলে আমাদের অনেক কিছু ঠিকভাবে করতে হবে। আমাদের ভালোভাবে রক্ষণ সামলাতে হবে এবং ভালোভাবে আক্রমণ করতে হবে। আমাদের সেট পিসে মনোযোগ রাখতে হবে। আর ৯০ মিনিট ধরে আমাদের নিখুঁত ম্যাচ খেলতে হবে।”

“আমাদের জন্য এটা নতুন ম্যাচ; আমরা অন্য কিছু নিয়ে ভাবছি না…. আমরা দারুণ পারফরম্যান্স দেখাতে চাই। জয় ছাড়া আর কোনো লক্ষ্য নেই।”