১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চার মাসে তৃতীয় ফাইনালে মুখোমুখি রিবাকিনা ও সাবালেঙ্কা

ফাইনালে এই দুজনের আগের পাঁচবারের দেখায় ৪-১ ব্যবধানে এগিয়ে আছেন এলেনা রিবাকিনা।

চার মাসে তৃতীয় ফাইনালে মুখোমুখি রিবাকিনা ও সাবালেঙ্কা
এলেনা রিবাকিনা (বাঁয়ে) ও আরিনা সাবালেঙ্কা। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2026, 06:54 PM

Updated : 26 Aug 2026, 03:09 PM

আরিনা সাবালেঙ্কা ও এলেনা রিবাকিনার শিরোপার মঞ্চে মুখোমুখি হওয়াটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। চার মাসের একটু বেশি সময়ের মধ্যে তৃতীয় ফাইনালে লড়তে যাচ্ছেন তারা।

এই দুজন আগামী রোববার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মুখোমুখি হবেন। 

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় শনিবার সকালে সেমি-ফাইনালে চেক রিপাবলিকের লিন্ডা নসকোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারান র‍্যাঙ্কিংয়ের এক নম্বর সাবালেঙ্কা। র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর রিবাকিনা শেষ চারের আরেক ম্যাচে ৭-৫, ৬-৪ গেমে হারান ইউক্রেইনের এলিনা স্ভিতোলিনাকে।

ফাইনালে এই দুজনের আগের পাঁচবারের দেখায় চারটিতে জিতেছেন রিবাকিনা। যার মধ্যে আছে গত নভেম্বরে ডব্লিউটিএ ফাইনালস ও জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন।

রিবাকিনা এই নিয়ে দ্বিতীয়বার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠলেন। ২০২৩ সালে এখানে সাবালেঙ্কাকে হারিয়েই শিরোপা জয়ী কাজাখস্তানের তারকা এবার দারুণ এক লড়াইয়ের আশা করছেন।

“আমি যতটা সম্ভব লড়াই করব। আশা করি, দারুণ একটি ম্যাচ হবে।”

সাবালেঙ্কা আগে দুইবার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে খেলে দুইবারই হেরেছেন। এবার নিজের সর্বোচ্চটা দিয়ে শিরোপা জয়ের প্রত্যয় বেলারুশের তারকার কণ্ঠে।

“দারুণ লাগছে (ফাইনালে উঠে)। আমি এখানে দুটি ফাইনাল হেরেছি, তাই রোববার নিশ্চিত করব যে, আমি (আগের চেয়ে) আরও বেশি প্রস্তুত। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব।”